Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়-পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

স্টাফ করেসপন্ডেট
১৮ মে ২০২৬ ১২:২১ | আপডেট: ১৮ মে ২০২৬ ১৬:১১

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ।

সোমবার (১৮ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ৩ মে ষষ্ঠ সাক্ষীর জবানবন্দি গ্রহণের দিন ধার্য থাকলেও অসুস্থতার কারণে তিনি আদালতে হাজির হতে পারেননি। পরে সাক্ষ্যগ্রহণের জন্য আজকের দিন নির্ধারণ করা হয়।

মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন পলক। অন্যদিকে পলাতক থাকায় জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনজুর আলম আদালতে শুনানিতে অংশ নিচ্ছেন।

বিজ্ঞাপন

গত ২৬ এপ্রিল মামলার পঞ্চম সাক্ষী হিসেবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এর এক কর্মকর্তার জেরা সম্পন্ন হয়। আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। এর আগে ১৯ এপ্রিল তার জবানবন্দি রেকর্ড করা হয়েছিল।

প্রসিকিউশনের অভিযোগে বলা হয়েছে, জয়ের নির্দেশনায় ২০২৪ সালের ১৪ জুলাই রাতে ফেসবুকে উসকানিমূলক কর্মকাণ্ডে জড়ান পলক। এর পরদিন ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর পুলিশ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সশস্ত্র হামলা চালানো হয়।

এছাড়া ইন্টারনেট বন্ধ করে মারণাস্ত্র ব্যবহারে উসকানি, প্ররোচনা ও হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগও আনা হয়েছে তাদের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, এসব ঘটনায় রাসেল, মোসলেহ উদ্দিনসহ ২৮ জন নিহত হন। পাশাপাশি উত্তরায় আরও ৩৪ জনকে হত্যায় সহায়তার অভিযোগ রয়েছে।

চলতি বছরের ২১ জানুয়ারি জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। এর আগে গত বছরের ৪ ডিসেম্বর প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আদালত।