Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিন মাসে রায় কার্যকর করা সম্ভব: আইনমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ জুন ২০২৬ ১৫:৫৬ | আপডেট: ৭ জুন ২০২৬ ১৭:৪৬

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

ঢাকা: রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, তিন মাসের মধ্যে এই রায় কার্যকর করা সম্ভব।

রোববার (৭ জুন) রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণার পর সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

আইনমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী এক মাসের মধ্যে রামিসা হত্যাকাণ্ডের বিচার শেষ করার কথা বলেছিলেন। ৬ কার্যদিবসের মধ্যে এমন রায় দেশের ইতিহাসে প্রথম। ভারতীয় উপমহাদেশের ক্ষেত্রেও এ রায় দৃষ্টান্ত হয়ে থাকবে।

আসাদুজ্জামান বলেন, রামিসার এই ঘটনায় জাতি বেদনাহত ছিল। এর পরেও আমরা রামিসাকে ফিরিয়ে আনতে পারব না। তার বাবা-মার কাছে তাকে ফিরিয়ে দিতে পারব না। কিন্তু আমাদের যতটুকু করার আমরা সেটা করার চেষ্টা করেছি। ১৯ মে ঘটনা ঘটেছে, সেই ঘটনা তদন্ত করে ২৪ মে এর মধ্য চার্জশিট দিতে সক্ষম হয়েছি। ২৫ মে থেকে ৩১ মে অবধি সরকারি ছুটি ছিল। আমাদের নিম্ন আদালতগুলো ১ মে থেকে ১৫ জুন পর্যন্ত সরকারি ছুটি ছিল।’
তিনি আরও বলেন, ‘সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বলেছিলেন, এক মাসের মধ্যে এই বিচারকার্য শেষ করতে আমরা বদ্ধপরিকর। নিম্ন আদালতের ছুটি বাতিলের জন্য একটি প্রস্তাব পাঠানো হয়েছিল। এরপর মাননীয় প্রধান বিচারপতি সম্মতি দিয়েছিলেন দেশের শিশু ট্রাইবুনাল এই ছুটির আওতামুক্ত থাকবে। এর ফলেই চার্জশিট দাখিলের পর সিএমএম কোর্ট থেকে এই চার্জশিট ট্রাইবুনালে যায়।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘১লা জুন চার্জ গঠনের জন্য দিন ধার্য করেন। কার্যত ৬ কার্যদিবসের মধ্যে আমরা রামিসার এই বেদনাদায়ক ঘটনার বিচার করতে সক্ষম হয়েছি। এটা দেশের ইতিহাসে বিরল। এই উপমহাদেশে নদীয়ায় একবার এমন একটা ঘটনার বিচারকার্য এক দিনে শেষ করা হয়েছিল। এই ঘোষিত শাস্তিতে আমরা আপাতত সন্তুষ্ট। উচ্চ আদালতে গেলেও এই রায় কার্যকর থাকবে বলে আশা রাখি।’