Tuesday 30 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আজ

স্টাফ করেসপন্ডেট
৩০ জুন ২০২৬ ১১:৩৬ | আপডেট: ৩০ জুন ২০২৬ ১৫:১৫

ঢাকা: জুলাই গণ-অভ্যুত্থানের সময় চট্টগ্রামে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু হবে কি না, সে বিষয়ে আদেশ দেওয়া হবে আজ।

মঙ্গলবার (৩০ জুন) ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেবেন।

বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

ওয়াসিম আকরামসহ ছয়জনকে হত্যার ঘটনায়

মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন পাঁচ আসামি। তারা হলেন চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ ও দেবাশীষ পাল দেবু। আদেশের দিন তাদের ট্রাইব্যুনালে হাজির করা হবে।

বিজ্ঞাপন

এদিকে মামলার বাকি আসামিরা পলাতক রয়েছেন। তাদের মধ্যে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীন, রেজাউল করিম, মহিউদ্দিন বাচ্চু, হেলাল আকবর, নুরুল আজিম রনি, শৈবাল দাশ সুমন, আবু ছালেক, এসবারুল হক, এইচ এম মিঠু, নূর মোস্তফা টিনু, জমির উদ্দিন, ইমরান হাসান মাহমুদ, জাকারিয়া দস্তগীর, মহিউদ্দিন ফরহাদ ও সুমন দে রয়েছেন।

সোমবার (২৯ জুন) আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষে আদেশের জন্য দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। এর আগে টানা তিন কার্যদিবস ধরে আসামিপক্ষ অভিযোগ থেকে অব্যাহতির আবেদন জানিয়ে শুনানি করে। তাদের দাবি, মামলায় কোনো আসামির বিরুদ্ধেই অভিযোগ গঠনের মতো পর্যাপ্ত উপাদান নেই। একই সঙ্গে পলাতক আসামিদের পক্ষ থেকেও রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা অব্যাহতির আবেদন জানান।

এর আগে গত ২২ জুন প্রসিকিউশন ২২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করে। আর ৭ এপ্রিল ট্রাইব্যুনাল তিনটি অভিযোগ আমলে নেয়। এরও আগে ৫ এপ্রিল প্রসিকিউশন আদালতে আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) দাখিল করে।

মামলায় ২২ আসামির বিরুদ্ধে ছয়জনকে হত্যাসহ মোট তিনটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামে মো. ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুককে হত্যা করা; দ্বিতীয় অভিযোগ ১৮ জুলাই তানভীর সিদ্দিকী, মো. সাইমন ও হৃদয় চন্দ্রকে হত্যা করা। তৃতীয় অভিযোগে জাহিদ হাসান, আবদুল কাদের, আছিয়া খাতুন, সানজিদা সুলতানা, আবদুল্লাহসহ শতাধিক ছাত্র-জনতাকে গুরুতর আহত করার অভিযোগ অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর