ঢাকা: বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।
শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে তিনি বিষয়টি তুলে ধরেন।
পোস্টে অ্যাটর্নি জেনারেল জানান, তার নাম ও ছবি ব্যবহার করে ভিন্ন একটি ফোন নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা হয়েছে। ওই অ্যাকাউন্টের মাধ্যমে সুপরিকল্পিতভাবে বিভিন্ন ব্যক্তির কাছে অবৈধভাবে অর্থ দাবি করছে প্রতারকরা।
তিনি জানান, প্রতারক চক্র ইতোমধ্যে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের এক নারী সহকারী অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে ৬০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। এছাড়া তার কয়েকজন নারী সহকর্মীও একই ধরনের প্রতারণার বিষয়ে ফোনে তাকে অবহিত করেছেন।
অ্যাটর্নি জেনারেলের ভাষ্য, প্রতারকরা তার কণ্ঠস্বরও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে নকল (ক্লোন) করে থাকতে পারে, যা অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতারণার সঙ্গে সংশ্লিষ্ট কিছু স্ক্রিনশটও প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল। একই সঙ্গে তিনি সবাইকে সতর্ক থাকার এবং সন্দেহজনক কোনো নম্বর বা বার্তার মাধ্যমে অর্থ লেনদেন না করার আহ্বান জানান।