Wednesday 22 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চেক ডিজঅনার মামলায় কারাগারে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৬ ১৭:৩৩ | আপডেট: ২০ জুলাই ২০২৬ ২০:২৪

রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ।

ঢাকা: রাজধানীর একটি চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২০ জুলাই) ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ আদালত-৫-এর বিচারক সাদিক আহম্মেদ তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।

সাহেদের আইনজীবী মোহাম্মদ দবির উদ্দিন জানান, মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ২ কোটি ১৬ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় সাহেদকে এক বছরের কারাদণ্ড ও সমপরিমাণ অর্থদণ্ড দেওয়া হয়েছিল। মামলাটি দায়েরের সময় তিনি অন্য একটি মামলায় কারাগারে থাকায় তাকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়নি। পরে আদালতের দেওয়া ওই রায় কার্যকর করতে তাকে আদালতে হাজির করা হলে জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানো হয়। তিনি জানান, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

বিজ্ঞাপন

এর আগে সোমবার দুপুরে রাজধানীর মিরপুরের ইসিবি চত্বর এলাকা থেকে সাহেদকে গ্রেফতার করা হয়।

২০২০ সালের জুলাইয়ে করোনা মহামারির সময় রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় র‍্যাবের অভিযানে পরীক্ষা ছাড়াই করোনা শনাক্তের ভুয়া সনদ দেওয়া এবং প্রতারণার অভিযোগের প্রমাণ পাওয়া যায়। এরপর স্বাস্থ্য অধিদফতরের নির্দেশে হাসপাতালের কার্যক্রম বন্ধ করে সিলগালা করা হয় এবং সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়। একই বছরের ১৫ জুলাই ভারতে পালানোর চেষ্টাকালে সাতক্ষীরা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব।

বিভিন্ন মামলায় দীর্ঘদিন কারাগারে থাকার পর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান। সাহেদের বিরুদ্ধে মোট ৯৬টি মামলা রয়েছে। এর মধ্যে পাঁচটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত। সব মামলায় জামিন লাভের পর তিনি কারামুক্ত হলেও সর্বশেষ চেক ডিজঅনার মামলার সাজা কার্যকরের প্রেক্ষিতে আবারও তাকে কারাগারে পাঠানো হয়েছে।