ঢাকা: গোপালগঞ্জ আদালতের এজলাসে কাচের পেপারওয়েট ছোড়ার ঘটনায় শিক্ষানবিশ এক নারী আইনজীবী আহত হওয়ার পর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুজন মিয়াকে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার করা হয়েছে। তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) এ বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বিচারক মো. সুজন মিয়াকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, বুধবার (২২ জুলাই) গোপালগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর এজলাসে কাচের পেপারওয়েটের আঘাতে শিক্ষানবিশ আইনজীবী সাবিহা সুলতানা আহত হন। আইনজীবীদের অভিযোগ, আদালতের বিচারক মো. সুজন মিয়া পেপারওয়েটটি ছুড়ে মারেন।
আহত সাবিহা সুলতানাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর জেলা আইনজীবী সমিতির নেতারা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে মৌখিক অভিযোগ জানান। এ ঘটনায় বিচার বিভাগের আচরণ নিয়ে আইনজীবীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।