Thursday 23 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৮৫৭ কোটি টাকার ঋণ জালিয়াতি মামলা: সাবেক ব্যাংক চেয়ারম্যান নজরুলের জামিন নামঞ্জুর

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৬ ২০:৫৪

মহানগর দায়রা জজ কোর্ট, ঢাকা। ছবি: সংগৃহীত

ঢাকা: এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে দায়ের করা ৮৫৭ কোটি টাকার ঋণ জালিয়াতি, আত্মসাৎ ও অর্থপাচারের মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। ফলে তিনি আপাতত কারাগারেই থাকছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, মামলার শুনানিতে আসামিপক্ষের আইনজীবী কামরুল ইসলামসহ অন্য আইনজীবীরা জামিনের আবেদন করেন। অপরদিকে দুদকের পক্ষে আইনজীবী তরিকুল ইসলাম জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আবেদনটি খারিজ করে দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযোগ অনুযায়ী, এক্সিম ব্যাংকের চেয়ারম্যান থাকাকালে নজরুল ইসলাম মজুমদার ‘মদিনা ডেটস অ্যান্ড নাটস’ নামে একটি প্রতিষ্ঠানের অনুকূলে নিয়মবহির্ভূতভাবে বিপুল পরিমাণ ঋণ অনুমোদন করেন। এ প্রক্রিয়ায় ৮৫৭ কোটি ৯৩ লাখ টাকা আত্মসাৎ এবং অর্থপাচার করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

মামলার এজাহারে বলা হয়েছে, অভিযুক্তরা ব্যাংকের প্রচলিত ঋণ অনুমোদন পদ্ধতি অনুসরণ না করে ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সুপারিশ ও বোর্ড মেমোর অপব্যবহার করেন। যথাযথ যাচাই-বাছাই ও পর্যাপ্ত জামানত ছাড়াই ঋণ বিতরণ করা হয় এবং পরবর্তীতে সেই অর্থ আত্মসাতে ব্যবহৃত হয় বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ২০২৪ সালের ১৮ আগস্ট দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এর সহকারী পরিচালক শাহজাহান মিরাজ বাদী হয়ে নজরুল ইসলাম মজুমদারসহ ২১ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫ (২) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪ (২) ও ৪ (৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১ অক্টোবর রাজধানীর গুলশান এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) নজরুল ইসলাম মজুমদারকে গ্রেফতার করে। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।