ঢাকা: ইসলামী ব্যাংকের প্রায় ৮০ হাজার কোটি টাকার শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার মালিকানাধীন প্রতিষ্ঠান জেএমসি বিল্ডার্সের সম্পৃক্ততার অভিযোগ উঠে এসেছে।
সম্প্রতি এ বিষয়ে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেছে বাংলাদেশ ফাইন্যানসিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এর পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
শনিবার (২৫ জুলাই) মামলার সঙ্গে সংশ্লিষ্ট আইনজীবী মোহাম্মদ শিশির মনির বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আগামী বুধবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
বিএফআইইউ’র প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালে জেএমসি বিল্ডার্সের মনোনীত পরিচালক হিসেবে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে যোগ দেন মো. সাহাবুদ্দিন। পরে তিনি ব্যাংকটির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ১৩ ফেব্রুয়ারি ২০২৩ সালে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত তিনি ওই পদে বহাল ছিলেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, তার দায়িত্ব পালনকালেই ইসলামী ব্যাংক থেকে ২৪টি প্রতিষ্ঠানের নামে প্রায় ৮০ হাজার কোটি টাকা ঋণ বিতরণ করা হয়। এসব প্রতিষ্ঠানের মধ্যে জেএমসি বিল্ডার্সও একটি। প্রতিবেদনের দাবি অনুযায়ী, ওই ঋণের অর্থ এখনো ইসলামী ব্যাংকে পরিশোধ করা হয়নি।
তবে এসব তথ্য বিএফআইইউ’র প্রতিবেদনে উল্লিখিত অভিযোগের ভিত্তিতে উপস্থাপিত হয়েছে। অভিযোগগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তদন্ত ও আদালতের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।