ঢাকা: পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর পূর্বের জামিন বহাল রেখেছেন আদালত। একই সঙ্গে পরবর্তী শুনানিগুলোতে ব্যক্তিগতভাবে আদালতে উপস্থিত না হয়ে আইনজীবীর মাধ্যমে তাকে হাজিরা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে হাজিরা দেন আইভী। শুনানি শেষে আদালত তার জামিন বহাল রাখার পাশাপাশি আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে ভবিষ্যৎ শুনানিতে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার অনুমতি দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ।
আদালত সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দায়ের হওয়া পুলিশের ওপর হামলার মামলায় নিয়মিত হাজিরার অংশ হিসেবে আদালতে উপস্থিত হন সাবেক এই মেয়র।
শুনানি শেষে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেলিনা হায়াৎ আইভী। তিনি বলেন, ‘আমি সবসময় হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে কথা বলেছি। আজ আমাকে অপরাধীর মতো আসামির কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে। এর বিচার আল্লাহ এবং নারায়ণগঞ্জবাসী করবেন।’
আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, ‘দীর্ঘদিন কারাবন্দি থাকার কারণে তার শারীরিক অবস্থার বিষয়টি বিবেচনায় নিয়ে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার আবেদন করা হয়েছিল। আদালত সেই আবেদন মঞ্জুর করেছেন। তবে মামলার সাক্ষ্যগ্রহণ ও বিচার কার্যক্রম শুরু হলে আইভীকে ব্যক্তিগতভাবে আদালতে উপস্থিত থাকতে হবে। চার্জশিট দাখিল না হওয়া পর্যন্ত তার পক্ষে আইনজীবী আদালতে হাজিরা দিতে পারবেন।’
তিনি আরও বলেন, ‘এই মামলার ক্ষেত্রেই কেবল আইনজীবীর মাধ্যমে হাজিরার অনুমতি দেওয়া হয়েছে। আইভীর বিরুদ্ধে থাকা অন্য মামলাগুলোতে এখনো এ ধরনের কোনো আদেশ হয়নি।’
উল্লেখ্য, গত বছরের মে মাসে দেওভোগ এলাকায় নিজ বাসা থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করতে গেলে তার সমর্থকদের বাধার মুখে পড়ে পুলিশ। এ সময় উকিলপাড়া মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে এবং কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে গ্রেফতারে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে সদর মডেল থানায় আইভীসহ ২৫২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।