Tuesday 04 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এক মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত, অন্য মামলায় বহাল

স্টাফ করেসপন্ডেট
৩ আগস্ট ২০২৬ ১৮:০৫ | আপডেট: ৩ আগস্ট ২০২৬ ২০:১০

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

ঢাকা: সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের হাইকোর্ট থেকে পাওয়া দুটি জামিনের মধ্যে একটির কার্যকারিতা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। তবে অপর মামলায় তার জামিন বহাল রাখা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।

এর আগে গত ২৯ জুলাই বিচারপতি শেখ মো. জাকির হোসেন নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রুল নিষ্পত্তি করে ব্যারিস্টার সুমনকে দুটি মামলায় জামিন দেন। এর একটি ছিল খিলগাঁও থানার হত্যা মামলা এবং অন্যটি মুগদা থানার হত্যাচেষ্টা মামলা।

হাইকোর্টের ওই জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার আদালতে স্থগিতাদেশ চেয়ে আবেদন করে।

বিজ্ঞাপন

শুনানি শেষে আদালত খিলগাঁও থানার হত্যা মামলায় দেওয়া জামিন স্থগিত করেন। তবে মুগদা থানার হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যারিস্টার সুমনের আইনজীবী লিটন আহমেদ।

উল্লেখ্য, ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের কিছুক্ষণ আগে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে লিখেছিলেন, ‘আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।’

সাবেক এই স্বতন্ত্র সংসদ সদস্যের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানাসহ হবিগঞ্জে একাধিক মামলা রয়েছে।

সারাবাংলা/টিএম/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর