ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১০ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে বিভিন্ন কারাগার থেকে প্রিজনভ্যানে করে কঠোর নিরাপত্তার মধ্যে তাদের ট্রাইব্যুনালে আনা হয়।
ট্রাইব্যুনালে হাজির করা ব্যক্তিরা হলেন— সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি, গোপালগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম, সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী।
প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলাটিতে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বৃহস্পতিবার দিন নির্ধারিত ছিল। সে কারণে কারাগারে থাকা ১০ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
প্রসিকিউশন সূত্রে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ড, হামলা, নির্যাতন ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্ত শেষে পর্যায়ক্রমে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হবে।
মামলার শুরুতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ মোট ৪৬ জনকে আসামি করা হয়। পরবর্তীতে তদন্তের অগ্রগতির ভিত্তিতে কয়েকজনের বিরুদ্ধে পৃথকভাবে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এরই মধ্যে ডা. দীপু মনি ও আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে শাপলা চত্বর গণহত্যা মামলায়ও অভিযোগ গঠন করা হয়েছে।