Thursday 27 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাগর-রুনি হত্যা মামলা: ফের পেছাল তদন্ত প্রতিবেদন জমার তারিখ

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৬ ১৪:২৩

মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি

ঢাকা: সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। এ নিয়ে মামলাটিতে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ১২৯ বার পেছালো।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত শুনানি শেষে নতুন এ তারিখ নির্ধারণ করেন।

এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য থাকলেও তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে পারেনি। এ কারণে আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। ঘটনার সময় বাসায় তাদের সাড়ে চার বছর বয়সি ছেলে মাহির সরওয়ার মেঘ উপস্থিত ছিল।

হত্যাকাণ্ডের পর রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন। শুরুতে মামলাটি শেরেবাংলা নগর থানা পুলিশ তদন্ত করলেও পরে তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং পরবর্তীতে র‍্যাবের কাছে হস্তান্তর করা হয়।

মামলায় অভিযুক্ত আটজন হলেন— রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম ওরফে অরুণ, আবু সাঈদ, সাগর-রুনির বাসার দুই নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল ও এনায়েত আহমেদ এবং তাদের পরিচিত তানভীর রহমান খান। তাদের মধ্যে তানভীর রহমান খান ও পলাশ রুদ্র পাল জামিনে রয়েছেন। অন্য আসামিরা কারাগারে আছেন।

গত বছরের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট র‍্যাবের কাছ থেকে মামলার তদন্তভার প্রত্যাহার করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে একটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের বেঞ্চ ওই আদেশ দেন।

পরে গত ২৩ অক্টোবর সরকার চার সদস্যের একটি টাস্কফোর্স গঠন করে। টাস্কফোর্সটির আহ্বায়ক করা হয় পিবিআই প্রধানকে। বর্তমানে এই টাস্কফোর্সের তত্ত্বাবধানে মামলার তদন্ত কার্যক্রম চলছে।