ঢাকা: সাবেক রেলমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য মুজিবুল হকের কুমিল্লার চৌদ্দগ্রামে থাকা ২৮৪ শতক জমি এবং দুটি জিপ জব্দ (ক্রোক) করার নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার নামে থাকা ছয়টি ব্যাংক হিসাবও ফ্রিজের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির এ আদেশ দেন।
দুদকের পক্ষে সহকারী পরিচালক পাপন কুমার সাহা আদালতে আবেদনটি উপস্থাপন করেন।
আবেদনে বলা হয়, সাবেক মন্ত্রী ও জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে মুজিবুল হক পরস্পর যোগসাজশে প্রায় ৭ কোটি ৩৯ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগদখলে রেখেছেন। এ অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্তের জন্য একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
দুদকের আবেদনে আরও উল্লেখ করা হয়, তদন্তে প্রাপ্ত তথ্য ও নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে, অভিযুক্ত তার নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। ফলে মামলা নিষ্পত্তির আগেই সম্পদ স্থানান্তর হয়ে গেলে তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি রাষ্ট্রের ক্ষতির আশঙ্কা রয়েছে।
এসব বিবেচনায় সুষ্ঠু তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট সম্পদ ক্রোক এবং ব্যাংক হিসাব ফ্রিজ করা প্রয়োজন বলে আদালতের কাছে আবেদন জানায় দুদক। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে জমি ও যানবাহন জব্দ এবং ছয়টি ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ দেন।