ঢাকা: কুমিল্লায় একটি সামাজিক অনুষ্ঠানে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে কয়েক মাস বিচারকাজ থেকে বিরত থাকার পর হাইকোর্টের বিচারপতি মো. আব্দুল মান্নানকে আবারও বিচারিক দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধান বিচারপতির সিদ্ধান্তে তিনি পুনরায় বিচারিক ক্ষমতা ফিরে পেয়েছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। একই সঙ্গে হাইকোর্ট বিভাগের প্রকাশিত কার্যতালিকায় বিচারপতি মো. আব্দুল মান্নানের নাম এবং বিচারিক এখতিয়ার অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমানে তিনি বিজয় একাত্তর ভবনের ৯ নম্বর কোর্টে একক দেওয়ানি বেঞ্চে বিচারকাজ পরিচালনা করছেন।
এ বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী বলেন, ‘গত এপ্রিল মাসে একটি ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি বিচারপতি মো. আব্দুল মান্নানকে বিচারকাজ থেকে বিরত রেখেছিলেন। সম্প্রতি তাকে নতুন করে বেঞ্চ প্রদান করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘কোনো বিচারপতিকে বেঞ্চ দেওয়া বা বিচারকাজ থেকে বিরত রাখার ক্ষমতা প্রধান বিচারপতির এখতিয়ারভুক্ত।’
উল্লেখ্য, গত ৩ এপ্রিল কুমিল্লার অ্যাপেক্স ক্লাবের একটি অনুষ্ঠানে বিচারপতি আব্দুল মান্নানের অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ওঠে। ওই অনুষ্ঠানে তিনি বিচারপতি পরিচয় দিয়ে হুমকি দেন এবং বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এর পরিপ্রেক্ষিতে এপ্রিল মাসে প্রধান বিচারপতি যে ৬৩টি হাইকোর্ট বেঞ্চ পুনর্গঠন করেন, সেখানে বিচারপতি আব্দুল মান্নানের নাম রাখা হয়নি এবং তাকে বিচারকাজ থেকে বিরত রাখা হয়।
বিচারপতি মো. আব্দুল মান্নান ২০২৪ সালের ৯ অক্টোবর হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি পিরোজপুরের জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন।