Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রশ্নফাঁসের কোনো সুযোগ অসাধু চক্র পাবে না: শিক্ষা উপদেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৫ ১৪:১৯ | আপডেট: ২৬ জুন ২০২৫ ১৬:৩৪

ড. সি. আর. আবরার। ফাইল ছবি

ঢাকা: শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সি আর) আবরার বলেছেন, এসএসসি পরীক্ষার মতো এইচএসসিতেও প্রশ্নফাঁসের কোনো সুযোগ অসাধু চক্র পাবে না। জানান, কেউ গুজব ছড়ালেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৬ ‍জুন) রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

শিক্ষা উপদেষ্টা বলেন, ‘আমি কেন্দ্র ঘুরে দেখলাম, সব পরীক্ষার্থী মাস্ক পরে এসেছে; সবাই নিরাপদ দূরত্বে বসে পরীক্ষা দিচ্ছে। ডেঙ্গুর বিষয়েও আগে থেকেই আমরা পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়েছি। সব মিলিয়ে ডেঙ্গু-করোনা নিয়ে আমাদের প্রস্তুতি ভালো। ফলে এ নিয়ে ভয়ের বা শঙ্কার কিছু দেখছি না।’

বিজ্ঞাপন

পরীক্ষাকে কেন্দ্র করে সব নির্দেশনা মানা হচ্ছে কিনা-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা সত্য যে, সব নিয়ম মানানো যাচ্ছে না। আমরা ধীরে ধীরে এগুলো নিয়ে কাজ করবো। আশা করি সামনে আরও ভালো পরিস্থিতি হবে।’

কর্মদিবসে পরীক্ষা নেওয়ায় যানজটে ভোগান্তিতে পড়েন পরীক্ষার্থীরা। ভবিষ্যতে কর্মদিবস এড়িয়ে বা সকালের পরিবর্তে বিকেলে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা আছে কি না— এমন প্রশ্নে সি আর আবরার বলেন, ‘সেটা তো অবশ্যই থাকে। তবে আমাদের আরও অনেক দিক বিবেচনা করতে হয়। যেমন- দুপুরের নামাজ, খাবার গ্রহণের বিরতি থাকে। তার পরে পরীক্ষা শুরু করলে সেটা শেষ বিকেলে চলে যায়। আবহাওয়াসহ অন্যান্য বিষয়েও নজর রাখতে হয়।’

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশে এ পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী। দেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এবার পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

সারাবাংলা/এনএল/এমপি