Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অসংক্রামক রোগ প্রতিরোধে প্রক্রিয়াজাত খাদ্যে কঠোর নিয়ন্ত্রণের আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩১

‘অসংক্রামক রোগ মোকাবিলায় নিরাপদ খাদ্য এবং আমাদের করণীয়’ শীর্ষক ওয়েবিনার

‎ঢাকা: দেশে উচ্চ রক্তচাপসহ অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে নিরাপদ খাদ্যাভ্যাস এবং প্রক্রিয়াজাত খাবারের মোড়কে ‘ফ্রন্ট অব প্যাকেজ লেবেলিং’ প্রথা চালুর দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা।

‎রোববার (১ ফেব্রুয়ারি) জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষ্যে আয়োজিত ‘অসংক্রামক রোগ মোকাবিলায় নিরাপদ খাদ্য এবং আমাদের করণীয়’ শীর্ষক এক ওয়েবিনার থেকে এই সুপারিশ করা হয়। গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান ‘প্রজ্ঞা’ (প্রগতির জন্য জ্ঞান) এই ওয়েবিনারের আয়োজন করে।

‎ওয়েবিনারে জানানো হয়, বাংলাদেশে প্রতিবছর ৫ লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ অসংক্রামক রোগে মারা যায়। যার মধ্যে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্সফ্যাটযুক্ত অস্বাস্থ্যকর খাবারের কারণে প্রাণ হারায় প্রায় ২৭ হাজার মানুষ। অথচ এই বিশাল স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় বাজেট বরাদ্দ অত্যন্ত সামান্য মোট স্বাস্থ্য বাজেটের মাত্র ৪ দশমিক ২ শতাংশ।

‎ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, জনগণের মধ্যে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা এখন সময়ের দাবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাজমা শাহীন লবণের মাত্রা বুঝতে মোড়কের সামনে সহজবোধ্য লেবেলিংয়ের ওপর জোর দেন।

‎বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব আশ্বস্ত করে বলেন, সরকার দ্রুতই ফ্রন্ট-অব-প্যাক লেবেলিং ব্যবস্থা চালুর বিষয়ে কাজ করছে। এ ছাড়া টেকসই অর্থায়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন জিএইচএআই-এর কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস।

‎প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা অংশ নেন।

বিজ্ঞাপন
‎ ‎সারাবাংলা/এনএল/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর