Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভোটার স্লিপে প্রার্থীর নাম ও প্রতীক রাখার অনুমতি ইসির

‎স্টাফ করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২৭ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৫

নির্বাচন ভবন। ছবি: সারাবাংলা

‎ঢাকা: ‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের সুবিধার্থে নতুন নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে ভোটার স্লিপে প্রার্থীর নাম ও প্রতীক ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

‎মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

‎কমিশনার সানাউল্লাহ জানান, আগের নির্বাচনগুলোতে প্রচলিত নিয়ম অনুযায়ী ভোটার স্লিপে প্রার্থীর নাম বা প্রতীকের উল্লেখ থাকত না। তবে ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সুবিধার্থে এই নিয়মে কিছুটা শিথিলতা আনা হয়েছে। এখন থেকে প্রার্থীরা তাদের নাম ও প্রতীক সম্বলিত ভোটার স্লিপ তৈরি করে ভোটারদের সরবরাহ করতে পারবেন।

‎নির্বাচনের সার্বিক প্রস্তুতি সন্তোষজনক উল্লেখ করে তিনি আরও জানান, বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে দেশব্যাপী নির্বাচনি উপকরণ বিতরণ শুরু হবে। সন্ধ্যার মধ্যে সব মালামাল কেন্দ্রে পৌঁছে যাবে। তিনি আরও জানান, আগামীকাল (বুধবার) বেলা ১১টায় আন্তর্জাতিক পর্যবেক্ষক ও সাংবাদিকদের জন্য একটি ব্রিফিং আয়োজন করা হয়েছে। সেখানে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

‎ফল ঘোষণা প্রসঙ্গে ইসি সানাউল্লাহ বলেন, ফল ঘোষণার প্রক্রিয়াটি আগের মতোই স্বাভাবিক নিয়মে চলবে। প্রতিটি ভোটকেন্দ্র থেকে প্রাথমিক ফলাফল জানানোর পাশাপাশি রাজধানীর নির্বাচন কমিশন ভবন থেকেও আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

‎উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি, ২০২৬ একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ১০ ফেব্রুয়ারির পর থেকে সব ধরনের শারীরিক প্রচার বন্ধ থাকলেও অনলাইনে প্রচার চালানো যাবে বলে কমিশন এরইমধ্যে জানিয়েছে।

বিজ্ঞাপন
‎‎সারাবাংলা/এনএল/এসএস
বিজ্ঞাপন

আজও ঢাকার বাতাস মাঝারি
১৭ আগস্ট ২০২৬ ১৩:১৫

আরো

সম্পর্কিত খবর