Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জনগণের প্রত্যাশা পূরণে এক হয়ে কাজ করার তাগিদ অর্থমন্ত্রীর

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫২ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪০

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো: জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে এক হয়ে কাজ করার তাগিদ দিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম চট্টগ্রামে এসে সাংবাদিকদের তিনি এ প্রত্যাশার কথা জানান।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা থেকে বিমানে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক তাকে স্বাগত জানান। এর মধ্যেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘দেশে গণতান্ত্রিক অর্ডার ফিরে এসেছে। একটি নির্বাচিত সংসদ ও সরকার এসেছে। সমস্ত দেশের মানুষের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণ করতে হবে। সেজন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

বিজ্ঞাপন

চট্টগ্রামের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘চট্টগ্রামের উন্নয়ন তো বাংলাদেশের উন্নয়ন। সেদিকে তো কাজ করতেই হবে। অনেক বড় দায়িত্ব। দেখা যাক কি হয়, চেষ্টা করব সবাইকে নিয়ে।’

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানীতে রূপান্তরের বিষয়ে কী ব্যবস্থা গ্রহণ করা হবে, জানতে চাইলে আমীর খসরু বলেন, ‘বাণিজ্যিক রাজধানীর সঙ্গে অনেক কিছু সম্পর্কিত। সবকিছু নিয়ে আমরা কাজ করব। আশা করি সামনের দিকে যেতে পারব। ভালো করতে পারব।’

বিমানবন্দর থেকে বেরিয়ে তিনি নিজ নির্বাচনি এলাকার মাদারবাড়ী মসজিদে জুমার নামাজ আদায় করেন। এরপর তিনি মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন। বিকেলে নগরীর মেহেদীবাগের বাসায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে অর্থমন্ত্রীর।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসন থেকে নির্বাচিত হয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রীসভায় তিনি অর্থ ও পরিকল্পনা মন্ত্রণায়ের দায়িত্ব পেয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর