Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জাতীয় ঈদগাহ ময়দানের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত কারিগররা

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৬ ১৯:০২ | আপডেট: ১৮ মার্চ ২০২৬ ২৩:০৩

জাতীয় ঈদগাহ ময়দানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ছবি: সারাবাংলা

ঢাকা: আকাশে ঈদের চাঁদ দেখার অপেক্ষা, আর মাটিতে চলছে বিশাল কর্মযজ্ঞ। হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে এখন শেষ মুহূর্তের ব্যস্ততা। লক্ষ্য একটাই- পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে আসা হাজারো মুসল্লির জন্য এক নিশ্ছিদ্র ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করা।

বুধবার (১৮ মার্চ) সরেজমিনে গিয়ে দেখা যায়, কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ায় বদলে যাচ্ছে পুরো ঈদগাহ মাঠ।

ঈদগাহ ময়দানে বিশাল প্যান্ডেল নির্মাণের কাজ শেষ হয়েছে। বাঁশের খুঁটির ওপর ত্রিপল টানানো হয়েছে, বসানো হয়েছে পর্যাপ্ত লাইট ও ফ্যান। ইমামের জন্য তৈরি করা হয়েছে সুসজ্জিত মেহরাব ও মিম্বর। মুসল্লিদের সুবিধার্থে পুরুষ ও নারীদের জন্য পৃথক প্যান্ডেলের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্যও রাখা হয়েছে বিশেষ মনিটরিং পয়েন্ট।

বিজ্ঞাপন

বর্তমানে মাঠের ভেতরে পানি নিষ্কাশনের জন্য ড্রেন প্রস্তুত। শেষ মুহূর্তের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করা হয়েছে। প্যান্ডেলের নিচে নিয়মিত মশক নিধন কার্যক্রম চলছে। এ ছাড়া মাঠের আশপাশে রঙ করা, ঝাড়ু দেওয়া এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার কাজও প্রায় শেষ। নারীদের জন্য নির্ধারিত পৃথক প্রবেশপথ তৈরির কাজ চলমান রয়েছে।

জাতীয় ঈদগাহ ময়দানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ছবি: সারাবাংলা

প্যান্ডেল নির্মাণ কাজে নিয়োজিত মিস্ত্রি মো. আসাদ বলেন, রোজার শুরু থেকেই আমরা এখানে কাজ করছি। প্রথমে ২৫-৩০ জন শ্রমিক দিয়ে কাজ শুরু করলেও পরে তা বেড়ে প্রায় দেড়শত জনে দাঁড়ায়। এখন কাজ শেষের দিকে, তাই শ্রমিক কিছুটা কমানো হয়েছে। আমরা চেষ্টা করছি নির্ধারিত সময়ের আগেই সব কাজ শেষ করতে।

আরেক মিস্ত্রি রহিম উদ্দিন বলেন, লাইট ও ফ্যান বসানোর কাজ শেষ। সামনে চট ও কাপড় বিছানোর কাজ শুরু হবে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছি যাতে কোনো ঘাটতি না থাকে। ঈদের জামাতের জন্য জায়গাটা পুরোপুরি প্রস্তুত করাই আমাদের লক্ষ্য।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুরো মাঠে মিনার ও ইমামের মেহরাব বরাবর উত্তর-দক্ষিণ অক্ষে সবচেয়ে উঁচু বাঁশের খুঁটির সারিসহ মোট ১৬টি খাটাল (খুঁটির সারি) বসানো হয়েছে। এর মধ্যে সাতটি প্রধান খাটাল ময়দানের কেন্দ্রীয় অংশে স্থাপন করা হয়েছে যা প্যান্ডেলের কাঠামোকে মজবুত করেছে।


জাতীয় ঈদগাহ ময়দানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ছবি: সারাবাংলা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধানে এবারের প্রস্তুতিমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যে প্রায় ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। ঈদের আগে সব ধরনের প্রস্তুতি শেষ করে মাঠ মুসল্লিদের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা ও জরুরি চিকিৎসা সেবার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সব মিলিয়ে জাতীয় ঈদগাহ ময়দান এখন ঈদের প্রধান জামাতকে কেন্দ্র করে এক ব্যস্ত কর্মযজ্ঞে পরিণত হয়েছে। শেষ মুহূর্তের প্রস্তুতি শেষে ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মুখর হয়ে উঠবে এই ঐতিহাসিক ময়দান এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

সারাবাংলা/টিএম/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর