Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দোকানপাট সন্ধ্যা ৬টার পরিবর্তে ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৬ ১৬:৪৬ | আপডেট: ৫ এপ্রিল ২০২৬ ১৮:০৮

ঢাকা: মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে দেশের সব দোকানপাট ও শপিং মল সন্ধ্যা ছয়টার পরিবর্তে সাতটা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ–সংক্রান্ত আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান প্রতিমন্ত্রী।

এর আগে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সন্ধ্যা ৬টায় দেশের সব দোকানপাট ও শপিংমল বন্ধ করার সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা।

বিজ্ঞাপন

তবে রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চেয়ে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির নেতারা। তারা বলছেন, প্রয়োজনে সকাল ৯টার পরিবর্তে সকাল ১১টায় দোকানপাট খুলতে চান। তবে সন্ধ্যা ছয়টার পরিবর্তে রাত আটটা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান তারা।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘দোকান মালিক সমিতি আমাদের কাছে একটি আবেদন করেছিল- যাতে তাদের কমপক্ষে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকান খোলা রাখার সুযোগ দেই। যদিও মন্ত্রিসভা বৈঠকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দোকান খোলা রাখার সিদ্ধান্ত হয়েছিল। পরে প্রধানমন্ত্রী দোকান মালিক সমিতির আবেদন এবং অনুরোধ বিবেচনা করে পুনর্মূল্যায়ন করে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। অবশ্যই জরুরি সেবা যারা দেয়, তারা এর আওতার বাইরে থাকবে।’

তিনি বলেন, একইসঙ্গে সবাইকে বলব- আমরা নিজ বাসাবাড়িতে, আমরা নিজকর্মস্থলের জন্য বিদ্যুৎ সাশ্রয়ী হই। আমরা যদি জ্বালানি সাশ্রয় করি, তাহলে ইনশাআল্লাহ আগামী দিনে এই চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ হবে।

সারাবাংলা/জিএস/এইচআই
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো