Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের ৪ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৬ ০৯:৩৭ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১১:৫১

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

ঢাকা: সারাদেশে একদিকে তীব্র তাপপ্রবাহ আর অন্যদিকে কালবৈশাখীর হানা, এই দ্বিমুখী আবহাওয়ার মধ্যেই দেশের চারটি অঞ্চলে দুপুরের মধ্যে তীব্র বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক বিশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে যে আজ দুপুর ১টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঝড়ের তীব্রতা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হওয়ার আশঙ্কা থাকায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। ঝড়ো হাওয়ার পাশাপাশি এসব অঞ্চলে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পরবর্তী পূর্বাভাসে বলা হয়েছে যে ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর ফলে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পাওয়ার সম্ভাবনা থাকলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তীব্র গরমে হাঁসফাঁস করা জনজীবনের জন্য কিছুটা স্বস্তির খবর দিয়ে আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে যে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাগুলোর ওপর দিয়ে যে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, বৃষ্টিপাতের প্রভাবে তা ধীরে ধীরে প্রশমিত হতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে নদীবন্দরগুলোতে চলাচলকারী ছোট নৌযানগুলোকে অত্যন্ত সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে এবং ঝড়ের সময় নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

সারাবাংলা/এফএন/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর