Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘বিমানবাহিনী বর্তমানে একটি আধুনিক বাহিনীতে পরিণত হয়েছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ মে ২০২৬ ১৭:৫৯ | আপডেট: ২১ মে ২০২৬ ১৮:১২

বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

যশোর: যশোরে বিমান বাহিনী একাডেমিতে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) বাংলাদেশ বিমান বাহিনীর ৮৮তম বাফা কোর্স, ডিই-২০২৬বি এবং এসপিএসএসসি-২০২৬বি কোর্সের কমিশনপ্রাপ্তি উপলক্ষ্যে একাডেমির প্যারেড গ্রাউন্ডে এ কুচকাওয়াজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন, সালাম গ্রাহণ ও গ্র্যাজুয়েটিং অফিসারদের মাঝে পদক ও ফ্লাইং ব্যাজ বিতরণ করেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

৮৮তম বাফা কোর্সে প্রশিক্ষণে সার্বিক কৃতিত্বের জন্য অফিসার ক্যাডেট তাহসিন আহম্মেদ কোরাইশী ‘সোর্ড অব অনার’ লাভ করেন। উড্ডয়ন প্রশিক্ষণে শ্রেষ্ঠ কৃতিত্বের জন্য অফিসার ক্যাডেট আদনান হক ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ট্রফি’ অর্জন করেন এছাড়া জেনারেল সার্ভিস প্রশিক্ষণে শ্রেষ্ঠত্বের জন্য অফিসার ক্যাডেট মোহাম্মদ আনান চৌধুরী ‘কমান্ড্যান্টস ট্রফি’ লাভ করেন। একই সঙ্গে ৮৮তম বাফা কোর্স (গ্রাউন্ড ব্রাঞ্চ)-এ শ্রেষ্ঠ কৃতিত্বের জন্যও তিনি ‘বিমান বাহিনী প্রধানের ট্রফি’ অর্জন করেন।

বিজ্ঞাপন

বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান মহান মুক্তিযুদ্ধে বিমান বাহিনীর অবদান এবং দেশের আকাশসীমা রক্ষায় বাহিনীর পেশাদারিত্বের কথা তুলে ধরে বলেন, বাংলাদেশ বিমান বাহিনী বর্তমানে একটি সুসংগঠিত ও আধুনিক বাহিনীতে পরিণত হয়েছে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছে।

তিনি আরও বলেন, দেশের আকাশসীমা রক্ষার পাশাপাশি দুর্যোগ মোকাবেলা, উদ্ধার অভিযান এবং মানবিক সহায়তায় বাংলাদেশ বিমান বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বিমানবন্দরসমূহের ফ্লাইট কার্যক্রম স্থিতিশীল রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিমান বাহিনীর সদস্যরা দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছে।

এ কুচকাওয়াজের মাধ্যমে ৫ জন মহিলা অফিসার ক্যাডেটসহ মোট ৪১ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। অফিসার ক্যাডেট একাডেমি সিনিয়র আন্ডার অফিসার তাহসিন আহম্মেদ কোরাইশী আনুষ্ঠানিক কুচকাওয়াজের নেতৃত্ব দেন।

কুচকাওয়াজ শেষে বিমান বাহিনী একাডেমির বিভিন্ন ধরনের বিমানের মনোজ্ঞ ফ্লাইপাস্ট, আকাশীয় অ্যারোবেটিক ডিসপ্লে এবং বিমান বাহিনীর চৌকস প্যারাট্রুপারদের হেলিকপ্টার থেকে দৃষ্টিনন্দন প্যারা জাম্পিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কূটনৈতিক মিশনের সদস্য, সামরিক ও অসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা, কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সদ্য কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

রাজকীয় স্বাদের ছানার কোপ্তা কারি
৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

আরো