Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৬ ২০:৪৯ | আপডেট: ২৮ মে ২০২৬ ০৮:৫০

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় আয়োজিত এই জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রিসভার সদস্য, বিচারপতি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং বিদেশি কূটনীতিকেরা অংশ নেবেন।

ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম জানিয়েছেন, ঈদ জামায়াতকে সুশৃঙ্খল ও আরামদায়ক করতে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ‘আধুনিক সুযোগ-সুবিধা, নিরাপত্তা ব্যবস্থা এবং নারী-পুরুষের জন্য পৃথক ব্যবস্থাপনার মাধ্যমে ব্যাপক আয়োজন করা হয়েছে।’

বিজ্ঞাপন

এদিকে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক প্রধান জামাতে ইমামতি করবেন। প্রায় ৩০ হাজার বর্গমিটার আয়তনের এই ঈদগাহ ময়দানে ১২১টি কাতারে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

প্রতিষ্ঠানটি আরও জানায়, ঈদগাহে ভিআইপি ২৫০ পুরুষ, ৮০ জন নারী এবং সাধারণ মুসল্লিদের মধ্যে ৩১ হাজার পুরুষ ও সাড়ে ৩ হাজার নারীর জন্য আলাদা নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। ঈদগাহে প্রবেশের জন্য চারটি এবং বের হওয়ার জন্য সাতটি ফটকের ব্যবস্থা রয়েছে। অজুখানায় একসঙ্গে ১৪০ জন মুসল্লি অজু করতে পারবেন, যার মধ্যে পুরুষদের জন্য ১১৩ ও নারীদের জন্য ২৭ জনের ব্যবস্থা রয়েছে।

মুসল্লিদের সুবিধার্থে ঈদগাহে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, ফ্যান, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, নিরাপদ খাবার পানি ও নামাজের জন্য কার্পেট সরবরাহ করা হবে। কঠোর নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি অগ্নিনির্বাপণ ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসা সেবা, ভ্রাম্যমাণ টয়লেট এবং বৃষ্টির পানি নিষ্কাশনের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া মুসল্লিদের জন্য ঈদগাহের প্রবেশপথে তিনটি দৃষ্টিনন্দন ফটক নির্মাণ করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর