Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফের সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল-দোকানপাট বন্ধের নির্দেশ কার্যকর

সিনিয়র করেসপন্ডেন্ট
১ জুন ২০২৬ ২০:৩১ | আপডেট: ২ জুন ২০২৬ ০৯:৫৭

বিদ্যুৎ বিভাগ। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে দেশের সব দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও শপিংমল ফের সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার সরকারি নির্দেশনা কার্যকর হয়েছে।

ঈদ উপলক্ষে সাময়িক সময়ের জন্য রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার বিশেষ সুযোগ দেওয়া হলেও ঈদের পর আগের এই নিয়ম পুনর্বহাল করা হলো।

সোমবার (১ জুন) বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে এই সংক্রান্ত একটি জরুরি নির্দেশনা জারি করে দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

বিদ্যুৎ বিভাগের আদেশে বলা হয়, এর আগে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানপাট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত কার্যকর ছিল। তবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সার্বিক ব্যবসা-বাণিজ্যের সুবিধার্থে সাময়িকভাবে সেই সময়সীমা বৃদ্ধি করে রাত ১০টা পর্যন্ত নির্ধারণ করা হয়।

বিজ্ঞাপন

নতুন নির্দেশনায় বলা হয়েছে, ঈদ উপলক্ষ্যে ব্যবসায়ীদের দেওয়া বিশেষ সুবিধার মেয়াদ শেষ হওয়ায় ১ জুন থেকে ফের আগের ওই পুরোনো সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। ফলে রাত ১০টার পরিবর্তে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানকে বাধ্যতামূলকভাবে সন্ধ্যা ৭টার মধ্যে তাদের সবধরনের ব্যবসায়িক কার্যক্রম শেষ করতে হবে।

আদেশে আরও বলা হয়, বিদ্যুৎ ব্যবহারে সর্বোচ্চ সাশ্রয় নিশ্চিতে দেশের সবধরনের বিলবোর্ডের বাতিও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। একই সময়সীমা দেশের বিভিন্ন স্থানে আয়োজিত মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে।

বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্ট সব প্রশাসনিক কর্তৃপক্ষকে এই গুরুত্বপূর্ণ নির্দেশনাটি মাঠপর্যায়ে কঠোরভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।