Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৬ ১৮:০৩ | আপডেট: ১১ জুন ২০২৬ ১৮:৫০

শিক্ষা খাতে বরাদ্দ, বাজেট ২০২৬-২৭। ছবি: সংগৃহীত

ঢাকা: অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলা ও ইংরেজির পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে বাংলাদেশকে দক্ষতাভিত্তিক অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্যে ষষ্ঠ শ্রেণি থেকে পর্যায়ক্রমে সবার জন্য কারিগরি শিক্ষা চালুর পরিকল্পনাও নেওয়া হয়েছে।

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, শিক্ষার্থীরা জাপানিজ, কোরিয়ান, ম্যান্ডারিন, আরবি, ফ্রেঞ্চ ও জার্মান ভাষার মতো আন্তর্জাতিক ভাষা শেখার সুযোগ পাবে। এ লক্ষ্যে তৃতীয় ভাষায় দক্ষ শিক্ষার্থীদের মধ্যে সংশ্লিষ্ট দেশে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহীদের জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেওয়া হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে দেশের ৫৫তম বাজেট প্রস্তাবনায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাজেট প্রস্তাব পেশ করা হয়। এটি দেশের ৫৫তম জাতীয় বাজেট। এমনকি অর্থমন্ত্রী হিসেবে এটি আমীর খসরুর প্রথম বাজেট।

অর্থমন্ত্রী বলেন, ‘এমন একটি শিক্ষা কাঠামো গড়ে তোলার কথা বলা হয়েছে, যেখানে শিক্ষার্থীরা নিজেদের মেধা ও আগ্রহ অনুযায়ী দক্ষ কারিগর, প্রযুক্তিবিদ, কৃষি উদ্যোক্তা, গবেষক, শিল্পী, শিক্ষক, ব্যবসায়ী কিংবা ক্রীড়াবিদ হিসেবে সমান মর্যাদায় প্রতিষ্ঠিত হতে পারে। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিতর্ক প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাহিত্যচর্চাসহ ক্লাবভিত্তিক সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।’

মাদরাসা শিক্ষার্থীদের জন্য ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, গণিত, ইংরেজি ও তথ্যপ্রযুক্তি শিক্ষার মানোন্নয়ন এবং কর্মমুখী প্রশিক্ষণ কর্মসূচি চালুর পরিকল্পনাও রয়েছে বলে জানান অর্থমন্ত্রী।

সারাবাংলা/জিএস/পিটিএম