Tuesday 30 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্র হয়ে যাবে: আইনমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৬ ১৬:৩১ | আপডেট: ৩০ জুন ২০২৬ ১৯:০৬

সংসদে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান

ঢাকা: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, এক টাকায় আইন ও বিচার বিভাগ চালানো সম্ভব নয়। জাতীয় সংসদে আইন ও বিচার বিভাগের বাজেট বরাদ্দ ও এর ওপর আনা ছাঁটাই প্রস্তাবের আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ‘যদি এক টাকায় বিচার বিভাগ চালাতে হয়, তবে বিচার বিভাগের কোনো প্রয়োজন নেই। এমন পরিস্থিতি তৈরি হলে দেশ একটি পুলিশি রাষ্ট্রে পরিণত হবে।’

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদের অধিবেশনে আইনমন্ত্রী তার মন্ত্রণালয়ের জন্য ২ হাজার ১৮৭ কোটি ৫৮ লাখ টাকা মঞ্জুরির দাবি পেশ করেন। এর পরিপ্রেক্ষিতে বিরোধী দলের কয়েকজন সংসদ সদস্য ছাঁটাই প্রস্তাব এনে বরাদ্দ ১ টাকা করার দাবি জানান।

বিজ্ঞাপন

তারা বিচার বিভাগের বর্তমান সংকট, মামলাজট, বিচারক স্বল্পতা এবং মানবাধিকার পরিস্থিতির তীব্র সমালোচনা করেন। বিরোধীদলীয় সদস্যদের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, বিচার বিভাগের বরাদ্দ জিডিপির মাত্র শূন্য দশমিক শূন্য ৩ শতাংশ, যা অন্যান্য খাতের তুলনায় অনেক কম।

সংসদ সদস্যদের এসব বক্তব্যের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘ছাঁটাই প্রস্তাবের ক্ষেত্রে বিরোধী দলের সদস্যরা স্ববিরোধী অবস্থানে আছেন। কেউ বলছেন বরাদ্দ বেশি হয়েছে তাই তা ১ টাকায় নামিয়ে আনা হোক, আবার কেউ বলছেন বরাদ্দ অত্যন্ত অপ্রতুল।’

তিনি বলেন, ‘১ টাকা দিয়ে কীভাবে পুরো বিচার বিভাগ পরিচালনা করা সম্ভব, তার কোনো বিকল্প নীতি বা প্রস্তাব তারা দেননি।’ সংসদ সদস্যদের এসব দাবিকে তিনি জনপ্রিয় কিন্তু কার্যপ্রণালি বিধির ১১৮ বিধির পরিপন্থি বা ভুল ধারণা বলে মন্তব্য করেন।

আইনমন্ত্রী আরও বলেন, ‘বিচার বিভাগের জন্য প্রস্তাবিত এই বরাদ্দ বর্তমান বাস্তবতায় অপ্রতুল হলেও আপাতত এর কোনো বিকল্প নেই।’ তিনি বিরোধী দলের আনা ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ করে দিয়ে মূল বরাদ্দ অনুমোদনের জন্য সংসদের কাছে আহ্বান জানান।

আলোচনার এক পর্যায়ে তিনি উপস্থিত সদস্যদের উদ্দেশ্যে বলেন, ‘তাদের এসব দাবি দেখে মনে হচ্ছে তারা বাইরে থেকে পোশাক পরিহিত আইনজীবী ভাড়া করে এনেছেন।’

আইনমন্ত্রী তার মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, ‘বিচার বিভাগের সক্ষমতা বাড়াতে এবং মামলাজট নিরসনে সরকার কাজ করে যাচ্ছে।’

সবশেষে কণ্ঠভোটে ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ হয়ে যায় এবং আইন ও বিচার বিভাগের জন্য বরাদ্দকৃত বাজেট পাস হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর