Tuesday 30 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদেশে বাণিজ্যিক মিশনের কার্যক্রম জোরদারের আহ্বান বাণিজ্য সচিবের

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৬ ২০:০৮

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান।

ঢাকা: দেশের রফতানি আয় টেকসইভাবে বাড়াতে পণ্য ও বাজার বহুমুখীকরণ, বিদ্যমান বাজার ধরে রাখা, নতুন বাজার অনুসন্ধান এবং বিদেশে বাণিজ্যিক মিশনের কার্যক্রম আরও জোরদারের আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান।

মঙ্গলবার (৩০ ‍জুন) বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘রফতানি বহুমুখীকরণ, সম্প্রসারণ ও ২০২৫-২৬ অর্থবছরের রফতানি আয় পর্যালোচনা’ শীর্ষক এক সভায় বাণিজ্য সচিব মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘রফতানি আয় পর্যালোচনার অংশ হিসেবে গত পাঁচ বছরের রফতানি লক্ষ্যমাত্রা ও অর্জনের তুলনামূলক চিত্র, মাসভিত্তিক রফতানি অগ্রগতি, পণ্য, সেবা ও খাতভিত্তিক রফতানি অর্জন এবং বিভিন্ন বিদেশি মিশনের রফতানি কার্যক্রম এখন থেকে নিয়মিত পর্যালোচনা করা হবে।’

বিজ্ঞাপন

রফতানি বহুমুখীকরণ ও সম্প্রসারণের লক্ষ্যে সম্ভাবনাময় খাত চিহ্নিতকরণ, বিদ্যমান প্রতিবন্ধকতা নিরসন, প্রয়োজনীয় প্রণোদনা প্রদান, বিদ্যমান বাজার সংরক্ষণ এবং হালাল পণ্যসহ নতুন বাজার অনুসন্ধানের ওপর গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন তিনি। পাশাপাশি বাণিজ্য অভিযোগ দ্রুত নিষ্পত্তি, রফতানি পরিবহণে বিদ্যমান সমস্যা দূরীকরণ এবং বিদ্যমান বাণিজ্য চুক্তির কার্যকর বাস্তবায়ন নিয়েও সভায় আলোচনা হয়।

বিদেশে বাংলাদেশের বাণিজ্যিক মিশনের কার্যক্রম আরও ফলপ্রসূ করতে মিশনভিত্তিক প্রতিবেদন নিয়মিত পর্যালোচনা, নতুন পণ্য ও বাজার অনুসন্ধান, ব্যবসায়ীদের মধ্যে বিজনেস-টু-বিজনেস (B2B) ম্যাচমেকিং কার্যক্রম জোরদার, বাণিজ্য অভিযোগ নিষ্পত্তি এবং নতুন বাণিজ্য চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা যাচাইয়ের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন বাণিজ্য সচিব।

সভায় দেশে ও বিদেশে অনুষ্ঠিত বাণিজ্য মেলার গত তিন বছরের আয়োজন ও অংশগ্রহণের পরিসংখ্যান, রফতানি ক্রয় আদেশের ভিত্তিতে এসব আয়োজনের কার্যকারিতা এবং ওয়ার্ল্ড এক্সপোতে বাংলাদেশের অংশগ্রহণের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ-সংক্রান্ত প্রাপ্ত প্রতিবেদন বিশ্লেষণ করে প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয়। এ বছরের রফতানি লক্ষ্য নির্ধারণে আজকের সভার ফাইন্ডিংস ইতিবাচক ভূমিকা রাখবে বলেও সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

উল্লেখ্য, সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার, রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিবগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর