Monday 06 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিতের নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৬ ১৬:৪৮ | আপডেট: ৬ জুলাই ২০২৬ ১৭:০৯

মতবিনিময় সভায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: সংগৃহীত

ঢাকা: প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধের ব্যবহার এবং আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, হাসপাতালে ব্যবহৃত কোনো ওষুধের মেয়াদ যেন কোনোভাবেই উত্তীর্ণ না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

সোমবার (৬ জুলাই) বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের সম্মেলন কক্ষে কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল ক্যাম্পাসে অবস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল প্রাণী চিকিৎসায় মানুষের অন্যতম আস্থার প্রতিষ্ঠান। জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি দেশে পোষা প্রাণীর সংখ্যাও বাড়ছে। এ বাস্তবতায় প্রাণিসম্পদ খাতের চিকিৎসাসেবাকে আরও সম্প্রসারণ ও আধুনিকায়নের বিকল্প নেই।

বিজ্ঞাপন

তিনি বলেন, প্রাণী চিকিৎসাসেবাকে আরও যুগোপযোগী, কার্যকর ও জনবান্ধব করতে হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি, মানসম্মত চিকিৎসা নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় অবকাঠামো সম্প্রসারণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দেবে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে পোষা প্রাণীর সংখ্যা বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালের শাখা সম্প্রসারণ এবং সেবার পরিধি বাড়ানোর ওপরও জোর দেন তিনি।

সভায় প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক মো. শাহজামান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদফতর, কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল, কেন্দ্রীয় প্রাণিসম্পদ ঔষধাগার এবং বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিমন্ত্রী প্রাণিসম্পদ ঔষধাগারের ২০২৫-২৬ অর্থবছরে ক্রয়কৃত ওষুধ, কেমিক্যাল, আধুনিক যন্ত্রপাতি ও শল্য চিকিৎসার সরঞ্জাম মাঠ পর্যায়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় দেশের বিভিন্ন প্রাণিসম্পদ দফতরে বিতরণের জন্য ৯০ ধরনের ওষুধ ও কেমিক্যাল এবং ৪০ ধরনের আধুনিক যন্ত্রপাতি ও শল্য চিকিৎসার সরঞ্জাম হস্তান্তর করা হয়।

সারাবাংলা/এমএমএইচ/এসএস