Thursday 09 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় পরিবেশ পদকের জন্য মনোনীত ৬ ব্যক্তি-প্রতিষ্ঠান

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৬ ২০:৩৯

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। ফাইল ছবি

ঢাকা: জাতীয় পরিবেশ পদক ২০২৫ প্রদানের জন্য চূড়ান্তভাবে ছয় জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাবরীনা রহমান প্রজ্ঞাপনে সই করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় পরিবেশ পদক নীতিমালা, ২০১২ (সংশোধিত ২০১৯) অনুসারে এই ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিভিন্ন পর্যায় ও শ্রেণিতে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। বর্ণিত নীতিমালা অনুযায়ী প্রতিটি ক্যাটাগরিতে পদকপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ২২ ক্যারেট মানের ২ তোলা ওজনের স্বর্ণের বাজার মূল্য, আরও পঞ্চাশ হাজার টাকার চেক, ক্রেস্ট এবং সনদপত্র দেওয়া হবে।

বিজ্ঞাপন

এবারের পদকের জন্য মনোনীত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ক্যাটাগরিতে এই সম্মাননা পাচ্ছেন। পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে ব্যক্তি পর্যায়ে মনোনীত হয়েছেন সিরাজগঞ্জের কাজিপুরের আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. হাসমত আলী।

পরিবেশবিষয়ক শিক্ষা ও প্রচারে ব্যক্তি পর্যায়ে মনোনীত হয়েছেন বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনির হোসেন। পরিবেশবিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক এবং প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আব্দুস সালাম। পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি পর্যায়ে মনোনীত হয়েছেন নীলফামারীর ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. তৌহিদ বিন আব্দুস সালাম।

প্রাতিষ্ঠানিক পর্যায়ে পরিবেশবিষয়ক শিক্ষা ও প্রচার ক্যাটাগরিতে যৌথ ও সংশ্লিষ্টভাবে মনোনীত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস এবং এর পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন। একই সঙ্গে প্রাতিষ্ঠানিক পর্যায়ে পরিবেশবিষয়ক শিক্ষা ও প্রচার ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. নার্গীস আক্তার।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় পরিবেশ রক্ষায় এই ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এই প্রজ্ঞাপন জারি করেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর