Monday 31 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সম্প্রীতি ও ঐক্য বজায় রাখার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৬ ১৮:৩৪ | আপডেট: ১৬ জুলাই ২০২৬ ২০:১৯

রথযাত্রা অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় ঐক্য অটুট রেখে দেশকে এগিয়ে নিতে হবে। ধর্মকে কেন্দ্র করে বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর স্বামীবাগ আশ্রমে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের রাজনীতিতে ধর্মকে কেন্দ্র করে বিভাজনের চেষ্টা করা হলেও সরকার সেই পথে বিশ্বাস করে না। বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনায় সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।

বিজ্ঞাপন

তিনি বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অনুসৃত পথ ধরে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও সব ধর্মাবলম্বী মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করছেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের সমর্থনে গঠিত সরকার দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশ কোনো নির্দিষ্ট ধর্মের রাষ্ট্র নয়, এটি সব ধর্মাবলম্বী মানুষের দেশ। সব সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব নিশ্চিত করেই সরকার এগিয়ে যেতে চায়।

মুক্তিযুদ্ধের চেতনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ১৯৭১ সালে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। সেই সম্প্রীতির বন্ধন নষ্ট করতে একটি অপশক্তি বারবার চেষ্টা করছে। এ ধরনের অপচেষ্টা রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর