যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বার্ষিক যৌথ মহড়া ‘টাইগার লাইটনিং ২০২৬’ শুরু হবে রোববার (১৯ জুলাই)। এই দ্বিপক্ষীয় মহড়ায় উভয় দেশের ১৬০ জনেরও বেশি সামরিক সদস্য অংশ নেবেন।
শনিবার (১৮ জুলাই) ঢাকার মার্কিন দূতাবাস এই তথ্য জানায়।
দূতাবাস জানায়, এর মাধ্যমে পারস্পরিক সহযোগিতা আরো জোরদার হবে এবং বাস্তব পরিস্থিতিতে কার্যক্রম পরিচালনার সক্ষমতা বৃদ্ধি পাবে। এছাড়া টাইগার লাইটনিং-এ জঙ্গলাঞ্চলে অভিযান, সন্ত্রাসবিরোধী কার্যক্রম এবং কৌশলগত যুদ্ধক্ষেত্রে আহতদের চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে। এই প্রশিক্ষণলব্ধ জ্ঞান দুই দেশের বাহিনীর সক্ষমতা ও আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে। এই প্রশিক্ষণ উভয় দেশকে একে অপরের দক্ষতা সম্পর্কে আরও গভীরভাবে জানার সুযোগ করে দেবে। এই দ্বিপক্ষীয় মহড়া ইউএস আর্মি প্যাসিফিকের থিয়েটার আর্মি ক্যাম্পেইন প্ল্যান এবং নিরাপত্তা সহযোগিতা কর্মসূচির অংশ।
এই দ্বিপক্ষীয় মহড়ার লক্ষ্য হলো– পেশাগত সম্পর্ক আরও শক্তিশালী করা, সামরিক কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি, প্রস্তুতি উন্নত করা এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয় ও আন্তঃকার্যক্ষমতা আরও জোরদার করা।
উল্লেখ্য, ২০১৭ সালে শুরু হওয়া এই বার্ষিক যৌথ মহড়াটি কোভিড-১৯ পরিস্থিতির কারণে কিছু সময় স্থগিত ছিল। তবে গত ৫ বছর ধরে এটি ধারাবাহিকভাবে পরিচালিত হয়ে আসছে। মহড়াটি শ্রেণিকক্ষভিত্তিক আলোচনা এবং মাঠপর্যায়ের প্রশিক্ষণের সমন্বয়ে সাজানো হয়েছে। চূড়ান্ত পর্বে একটি পূর্ণাঙ্গ ফিল্ড ট্রেনিং এক্সারসাইজের মধ্য দিয়ে মহড়াটির সমাপনী হবে। এই যৌথ উদ্যোগ উভয় দেশের সামরিক বাহিনীর প্রস্তুতি ও পেশাদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।