ঢাকা: লেখক, কবি ও সাংবাদিক ফরিদা আখতার খানের ১৮তম মৃত্যুবার্ষিকী আগামীকাল সোমবার। ২০০৮ সালের এই দিনে মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন।
মানিকগঞ্জের চারিগ্রামের একটি সম্ভ্রান্ত ও সাংস্কৃতিক পরিবারে জন্মগ্রহণ করেন ফরিদা আখতার খান। তার বাবা ছিলেন বিশিষ্ট আলেম মাওলানা গোলাম রাজ্জাক খান। চাচা ছিলেন কবি ও শিশু সাহিত্যিক খান মোহাম্মদ মইনুদ্দিন। তার ভাই সিদ্দিকুর রহমান খান অলি (সিদ্দিক মাস্টার) ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা।
বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রিধারী ফরিদা আখতার খানের সাংবাদিকতায় পথচলা শুরু হয় সাপ্তাহিক বেগম পত্রিকার মাধ্যমে। পরে তিনি দৈনিক নব অভিযান, রূপালী, লাল সবুজ ও মুক্তকণ্ঠ পত্রিকার ফিচার বিভাগে দায়িত্ব পালন করেন। পাশাপাশি সাপ্তাহিক বিচিত্রা, পূর্বাণী, পাক্ষিক যোগাযোগ বার্তাসহ বিভিন্ন পত্রিকায় নিয়মিত লেখালেখি করেছেন।
তিনি বিশ্বসাহিত্য কেন্দ্র, অনুপ্রাস, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র, সাব এডিটরস কাউন্সিল এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ছিলেন।
কর্মজীবনে তিনি বার্তা সংস্থা ইউএনবি-তে সিনিয়র সাব-এডিটর এবং বাংলাদেশ টেলিভিশনের সংবাদ বিভাগে দায়িত্ব পালন করেন। তার সর্বশেষ কর্মস্থল ছিল দৈনিক ডেসটিনি।