Wednesday 22 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৩০ গন্তব্যে যাবে ইউএস-বাংলার ফ্লাইট, মিলবে ইন্টারনেট ও মোবাইল চার্জিং সুবিধা

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৬ ১০:৩২ | আপডেট: ২০ জুলাই ২০২৬ ১৩:০৪

ইউএস-বাংলা এয়ারলাইন্সের সংবাদ সম্মেলন।

ঢাকা: ফ্লাইটে যাত্রীদের জন্য বিনামূল্যে ইন্টারনেট, ওয়্যারলেস স্ট্রিমিং এবং প্রতিটি আসনে মোবাইল চার্জিং সুবিধা চালু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। পাশাপাশি একই বছরের ডিসেম্বরের মধ্যে বিশ্বের ২০টি দেশের ৩০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনার লক্ষ্য নিয়েছে বেসরকারি বিমান পরিবহন সংস্থাটি।

রোববার (১৯ জুলাই) রাত ৮ টায় কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এসব তথ্য জানান।

২০২৭ সালে বহরে যুক্ত হতে যাওয়া নতুন উড়োজাহাজে এসব সেবা চালু করা হবে।

আবদুল্লাহ আল মামুন বলেন, ‘২০২৭ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে ধাপে ধাপে ইউএস-বাংলার বহরে ২১টি একেবারে নতুন (ব্র্যান্ড নিউ) উড়োজাহাজ যুক্ত হবে। এসব উড়োজাহাজে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, আকাশে ইন্টারনেট ব্যবহার এবং প্রতিটি আসনে মোবাইল চার্জিংয়ের সুবিধা। অনেক আন্তর্জাতিক এয়ারলাইনস এসব সেবার জন্য অতিরিক্ত অর্থ নিলেও ইউএস-বাংলা যাত্রীদের বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেবে।’

বিজ্ঞাপন

ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘বর্তমানে ইউএস-বাংলার বহরের উড়োজাহাজগুলোর গড় বয়স ১০ বছর। যা বিশ্বের কয়েকটি শীর্ষস্থানীয় এয়ারলাইনসের বহরের গড় বয়সের সমপর্যায়ের। স্থানীয় এয়ারলাইনসের উড়োজাহাজ পুরোনো—এমন প্রচলিত ধারণা পরিবর্তন করাই আমাদের অন্যতম লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে ইউএস-বাংলা দেশের ছয়টি অভ্যন্তরীণ রুট এবং ১০টি দেশের ১৪টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে আন্তর্জাতিক নেটওয়ার্ক সম্প্রসারণ করে ২০টি দেশের ৩০টি গন্তব্যে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে।’

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আগামী ২৯ জুলাই ঢাকার একটি হোটেলে বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্টের উপস্থিতিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে। এরপর ২০২৭ সালজুড়ে নতুন উড়োজাহাজ বহরে যুক্ত হবে। স্বাধীনতার পর অভ্যন্তরীণ রুটে প্রথম ব্র্যান্ড নিউ উড়োজাহাজ দিয়ে যাত্রা শুরু করা বেসরকারি এয়ারলাইনস হিসেবে এবার আন্তর্জাতিক রুটেও নতুন উড়োজাহাজ পরিচালনার পরিকল্পনা নিয়েছে ইউএস-বাংলা।’

তিনি বলেন, ‘বর্তমানে দেশের অভ্যন্তরীণ বিমান পরিবহন বাজারের প্রায় ৭৫ শতাংশ পরিচালনা করছে ইউএস-বাংলা ও এয়ার অ্যাস্ট্রা। ইউএস-বাংলা প্রতিদিন প্রায় ৯৪টি অভ্যন্তরীণ এবং ৩০টি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করে। মাসে সংস্থাটির ফ্লাইট সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার এবং বছরে প্রায় ৪০ হাজার।’

সংবাদ সম্মেলনে ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

সারাবাংলা/ইউজে/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর