Wednesday 22 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তরুণদের খেলাধুলায় মনোযোগী হতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৬ ১০:৪৬ | আপডেট: ২০ জুলাই ২০২৬ ১৫:০৯

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা: তরুণ সমাজকে মাদক ও সব ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, একটি সুস্থ, মানবিক ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই।

রোববার (১৯ জুলাই) রাতে রাজধানীর জাতীয় সংসদ ভবনের পশ্চিম পাশে শহিদ ফারহান ফাইয়াজ খেলার মাঠে অনুষ্ঠিত ‘ভ্যালেরিয়ন ওয়ার্ল্ড কাপ নাইট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভ্যালেরিয়ন এআরসি লিমিটেড ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘আহবান’-এর যৌথ উদ্যোগে বিশ্বকাপ ফুটবলকে ঘিরে দিনব্যাপী এ ক্রীড়া ও বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অংশগ্রহণে বিশেষ ফুটবল টুর্নামেন্ট।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, ‘বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের মূলধারার ক্রীড়ায় সম্পৃক্ত করার এমন উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে এবং সবাইকে সমানভাবে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে।’ এ ধরনের ব্যতিক্রমী আয়োজনের জন্য তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বেসরকারি বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিযোগিতায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) চ্যাম্পিয়ন এবং ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি রানারআপ হয়।

বিজয়ী দলগুলোর পাশাপাশি প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের চ্যাম্পিয়ন দলকেও অভিনন্দন জানান মন্ত্রী। এ সময় তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে উভয় চ্যাম্পিয়ন দলকে এক লাখ টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা দেন।
তার এ ঘোষণায় খেলোয়াড়, শিক্ষার্থী ও দর্শকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।

আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি, অন্তর্ভুক্তি এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই ‘ভ্যালেরিয়ন ওয়ার্ল্ড কাপ নাইট ২০২৬’-এর মূল লক্ষ্য। বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের অংশগ্রহণ এ আয়োজনকে আরও অর্থবহ ও মানবিক করে তুলেছে।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর