ঢাকা: বাংলাদেশের নৌ-পরিবহণ খাতে বিদেশি বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ইক্যুলাইন ফাইন্যান্স বাংলাদেশের জাহাজ নির্মাণ, বন্দর উন্নয়ন, লজিস্টিকস ও নৌ-পরিবহণের আধুনিকায়নে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।
সোমবার (২০ জুলাই) সচিবালয়ে নৌ-পরিবহণ মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসানের সঙ্গে ইক্যুলাইন ফাইন্যান্স-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠকে এ আগ্রহের কথা জানানো হয়।
বৈঠকে জাহাজ নির্মাণ শিল্পের বিকাশ, নৌ-পরিবহণ ব্যবস্থার আধুনিকায়ন, লজিস্টিকস খাতের সক্ষমতা বৃদ্ধি এবং বন্দর ব্যবস্থাপনার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রতিনিধি দল চট্টগ্রাম, মোংলা, পায়রা ও মাতারবাড়ী বন্দরকে কেন্দ্র করে অবকাঠামো উন্নয়ন, সমুদ্রগামী জাহাজ সরবরাহ এবং আধুনিক প্রযুক্তি সংযোজনের মাধ্যমে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরে।
প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, ‘দেশের নৌ-পরিবহণ ও বন্দর খাতে আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণে সরকার আন্তরিকভাবে কাজ করছে। এ ধরনের বিনিয়োগ দেশের বাণিজ্য সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং ব্লু ইকোনমির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
বৈঠকে উভয়পক্ষ বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ দেশের সামুদ্রিক অর্থনীতি, বন্দর ব্যবস্থাপনা এবং জাহাজ নির্মাণ শিল্পের বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করবে।