Wednesday 22 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাষ্ট্রের করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৬ ১৯:৫২

ঢাকা: রাষ্ট্রের প্রতিটি কর্মঘণ্টা এবং জনগণের করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ। তিনি বলেছেন, সরকারি কার্যক্রমে সময়, অর্থ ও জনশক্তির দক্ষ ব্যবহারের মাধ্যমে জনসেবার মানোন্নয়ন নিশ্চিত করাই প্রশাসনের অন্যতম প্রধান লক্ষ্য হওয়া উচিত।

সোমবার (২০ জুলাই) রাজধানীর বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আয়োজনে এবং বিসিএস প্রশাসন অ্যাকাডেমির সহ-আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

বিজ্ঞাপন

ইসমাইল জবিউল্লাহ বলেন, প্রতিটি সভা, প্রশিক্ষণ ও কর্মশালার রিটার্ন অন ইনভেস্টমেন্ট (ROI) মূল্যায়নের সংস্কৃতি গড়ে তুলতে হবে। কত অর্থ ও কর্মঘণ্টা ব্যয় হলো এবং এর ফলে জনসেবার মান কতটা উন্নত হলো—সেই হিসাবও প্রশাসনের অংশ হওয়া উচিত।

তিনি বলেন, বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থা, ভূরাজনৈতিক প্রতিযোগিতা, জলবায়ু পরিবর্তন ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তার নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। এসব মোকাবিলায় দক্ষ প্রশাসন, বিচক্ষণ কূটনীতি এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ সিভিল সার্ভিস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে কর্মকর্তাদের দায়িত্ব এড়িয়ে না গিয়ে ডেলিগেশন অব ফিন্যান্সিয়াল পাওয়ার অনুযায়ী নথিতে সিদ্ধান্ত দেওয়ার নির্দেশনা দেন।

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রশাসনের ভূমিকার ওপর জোর দিয়ে তিনি বলেন, আধুনিক, দক্ষ ও জনমুখী রাষ্ট্র গঠনে সরকারি কর্মকর্তাদের কার্যকর ভূমিকা রাখতে হবে। এ জন্য এসডিজি ও নির্বাচনী ইশতেহারকে সমন্বয় করে বাস্তবায়ন সূচক (ট্র্যাকার) তৈরির পাশাপাশি প্রয়োজনে আইটি বিশেষজ্ঞ ও ডেটা অ্যানালিটিক্স প্রতিষ্ঠানের সহযোগিতা নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ভবিষ্যতের জনপ্রশাসন হবে উপাত্তভিত্তিক ও প্রযুক্তিনির্ভর। ডিজিটাল মনিটরিং ব্যবস্থার মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার গতি আরও বাড়ানো সম্ভব। একই সঙ্গে জনগণের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলা এবং কর্মকর্তাদের শারীরিক ও মানসিক সুস্থতার প্রতিও গুরুত্ব দেন তিনি।

কর্মশালায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম। মুখ্য আলোচক ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সিপিটি) মোহাম্মদ মনিরুল ইসলাম। অনুষ্ঠানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং একাডেমির প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর