ঢাকা: ২০২৭ সালের সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।
মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা করেন।
ঘোষিত প্যাকেজ অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ রাখা হয়েছে। এর মধ্যে ‘সরকারি হজ প্যাকেজ-১’-এর মূল্য নির্ধারণ করা হয়েছে, ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং ‘সরকারি হজ প্যাকেজ-২ (সংক্ষিপ্ত)’-এর মূল্য ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।
হজের খরচ কমানো হলেও সেবার মানে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
তিনি বলেন, ‘সৌদি আরবের নির্ধারিত নীতিমালা অনুসরণ করে উন্নত ও মানসম্মত সেবা নিশ্চিত করার পাশাপাশি হজযাত্রীদের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সেই লক্ষ্যেই ২০২৭ সালের সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে।’
ধর্মমন্ত্রী বলেন, ‘হজ ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সেবামুখী করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। নিবন্ধন, ভিসা, আবাসন, পরিবহণসহ সব কার্যক্রমে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হবে। হজযাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সার্বিক ব্যবস্থাপনা পরিচালিত হবে।’
তিনি আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন ও অর্থ জমা দেওয়ার জন্য আগ্রহী হজযাত্রীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। হজসংক্রান্ত সব তথ্য সরকারি হজ পোর্টাল ও অনুমোদিত হজ এজেন্সির মাধ্যমে পাওয়া যাবে।