Thursday 23 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গণহত্যার বিচার দ্রুত শেষের দাবিতে ট্রাইব্যুনালের সামনে ১১ দলীয় ঐক্যের মানববন্ধন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৬ ১৯:৩০

১১ দলীয় ঐক্যের মানববন্ধন।

ঢাকা: জুলাই ২০২৪-এর গণহত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দ্রুত নিষ্পত্তির দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিচার প্রক্রিয়ার ধীরগতির সমালোচনা করেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, ‘গণহত্যার বিচার না হলে জনগণই সরকারের বিচার করবে।’ তার অভিযোগ, বিপ্লবের পর গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কারের আগেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং বিচার কার্যক্রমে গতি কমে গেছে। তিনি দ্রুত বিচার সম্পন্নে সরকারের প্রতি আহ্বান জানান।

বিজ্ঞাপন

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘আওয়ামী লীগের জড়িত নেতাকর্মীদের পাশাপাশি দল হিসেবেও আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে।’

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, ‘জুলাই আন্দোলনের সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদেরও বিচারের আওতায় আনা প্রয়োজন।’

মানববন্ধনে জুলাই শহীদদের স্বজনরাও বক্তব্য দেন।

শহীদ মেহেদী হাসান জুনায়েদের বাবা শেখ জামাল হোসেন বিচার নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘প্রকৃত অপরাধীদের যথাযথ শাস্তি নিশ্চিত হয়নি।’

শহীদ আলিফের বাবা গাজিউর রহমান অভিযোগ করেন, দুই বছর পেরিয়ে গেলেও তার সন্তানের হত্যা মামলায় কোনো আসামি গ্রেফতার হয়নি।

পরে ১১ দলীয় ঐক্যের নেতারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ও রেজিস্ট্রারের কাছে সাত দফা দাবিসংবলিত স্মারকলিপি দেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—জুলাই গণহত্যার সব ঘটনাস্থলের তদন্ত দ্রুত সম্পন্ন করা, পলাতক ও দায়িত্বে থাকা অভিযুক্তদের গ্রেফতার, দেশের সব জেলায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের নিরপেক্ষ তদন্ত, সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করা, বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্তকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ, গুম ও গুম-পরবর্তী হত্যাকাণ্ডের তদন্ত দ্রুত শেষ করা এবং গুমসংক্রান্ত সব মামলার বিচার কার্যক্রম ত্বরান্বিত করা।

মানববন্ধনে নেজামে ইসলাম পার্টি, জাগপা, এলডিপি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন দলের নেতাকর্মী, জুলাই শহীদ পরিবারের সদস্য এবং আহত জুলাইযোদ্ধারা উপস্থিত ছিলেন।

 

সারাবাংলা/এমএমএইচ/এআর