রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ শুক্রবারই (২৪ জুলাই) পদত্যাগ করতে পারেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) তিনটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
সংশ্লিষ্ট দুটি সূত্র বলেছে, রাষ্ট্রপতি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানিয়েছেন। অপর সূত্রটি বলেছে, পদত্যাগের সিদ্ধান্তের বিষয়টি গত মঙ্গলবারই (২১ জুলাই) প্রধানমন্ত্রীকে জানিয়েছেন রাষ্ট্রপতি।
শুক্রবার আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন তিনি। তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় তিনটি সূত্রের কেউই নিজেদের পরিচয় প্রকাশ করতে রাজি হয়নি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ভারত থেকে শেখ হাসিনার ফেরার পরিকল্পনা ঘোষণার ফলে রাষ্ট্রপ্রধানের পদ থেকে তার সর্বশেষ মিত্রকে সরাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর জনগণের চাপ বাড়তে থাকে।
গত ডিসেম্বরে সাহাবুদ্দিন রয়টার্সকে বলেছিলেন, ফেব্রুয়ারির নির্বাচনের পর তিনি পদত্যাগ করার পরিকল্পনা করছেন। ওই নির্বাচনের মাধ্যমে তারেক রহমান ক্ষমতায় আসেন।
সূত্রগুলো জানিয়েছে, একজন স্থায়ী প্রার্থী নির্বাচিত হওয়ার আগপর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অন্তর্বর্তী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করতে পারেন।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানে তৎকালীন দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই বছরের আগস্টে নয়াদিল্লিতে পালিয়ে যেতে বাধ্য হলে সাহাবুদ্দিনের পদের গুরুত্ব বাড়ে। ৭৬ বছর বয়সী সাহাবুদ্দিন ২০২৩ সালে শেখ হাসিনার দল আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন।