Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবেক রাষ্ট্রপতি হিসেবে যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৬ ২০:৫৩ | আপডেট: ২৪ জুলাই ২০২৬ ২৩:১০

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু – ছবি : সংগৃহীত ফাইল ছবি

ঢাকা: রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে তিনি নিজের পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগের মধ্য দিয়ে তার সাংবিধানিক দায়িত্বের সমাপ্তি ঘটলেও দেশের প্রচলিত আইন অনুযায়ী তিনি আমৃত্যু বেশ কিছু রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করবেন।

রাষ্ট্রপতির দায়িত্বে ছয় মাসের বেশি সময় দায়িত্ব পালন করায় দি প্রেসিডেন্টস (রেমিউনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) অ্যাক্ট, ১৯৭৫ অনুযায়ী তিনি সাবেক রাষ্ট্রপতি হিসেবে এসব বিশেষ সুবিধা পাওয়ার যোগ্য হবেন।

আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন মৃত্যুর আগ পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে সর্বশেষ প্রাপ্ত বেতনের ৭৫ শতাংশ হারে মাসিক অবসরভাতা পাবেন। এর পাশাপাশি তিনি একজন ব্যক্তিগত সহকারী ও একজন অ্যাটেনডেন্ট পাবেন, যাদের দাফতরিক ব্যয়ের জন্য সরকার নির্ধারিত বার্ষিক বরাদ্দ কার্যকর থাকবে।

বিজ্ঞাপন

এ ছাড়া বিভিন্ন সরকারি অনুষ্ঠানে অংশ নেওয়ার ক্ষেত্রে তিনি বিনামূল্যে সরকারি যানবাহন ব্যবহারের সুবিধা পাবেন। একই সঙ্গে তার বাসভবনে একটি টেলিফোন সংযোগ সুবিধা থাকবে এবং সরকার নির্ধারিত সীমা পর্যন্ত এর যাবতীয় বিলও সরকারের পক্ষ থেকে বহন করা হবে।

চিকিৎসা ও ভ্রমণের ক্ষেত্রেও বিশেষ সুবিধা বজায় থাকবে। সাবেক রাষ্ট্রপতি হিসেবে তিনি একজন মন্ত্রীর সমপর্যায়ের চিকিৎসা সুবিধা, একটি কূটনৈতিক পাসপোর্ট এবং দেশের অভ্যন্তরে ভ্রমণের সময় সরকারি সার্কিট হাউস বা রেস্ট হাউসে বিনা ভাড়ায় অবস্থানের পূর্ণ সুবিধা পাবেন। রাষ্ট্রপতির পদ থেকে সরে গেলেও আইন অনুযায়ী এসব রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা আজীবন ভোগ করবেন মো. সাহাবুদ্দিন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর