ঢাকা: রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের পর বিএনপির মহাসচিব স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে সারাবাংলাকে তিনি বলেন, ‘এ বিষয়ে আমার কোনো কমেন্টস নেই, নো-কমেন্টস।’
এর আগে শুক্রবার (২৪ জুলাই) সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে একটি অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকরা সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ সম্পর্কে জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটা গুজব। এসময় তিনি গুজবে কান না দেওয়ারও আহবান জানান।
সকালে বললেন গুজব বিকেলে রাষ্ট্রপতি পদত্যাগ করলেন, এখন আপনার মন্তব্য কি-এমন প্রশ্নের জবাবেও তিনি বলেন, এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।
আরও পড়ুন: রাষ্ট্রপতির পদত্যাগ: গুজবে কান না দেওয়ার আহ্বান ফখরুলের
উল্লেখ্য, গত কয়েকদিন যাবত রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে বিভিন্ন মাধ্যমে আলোচনা চলছিল। বৃহস্পতিবার (২৩জুলাই) দেশের সবগুলো গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রচার করা হয়। এদিন দুপুরে সংবাদ ছড়িয়ে পড়ে যে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। পরে জানা যায়, বিদেশে চিকিৎসাধীন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ শুক্রবার (২৪ জুলাই) দেশে ফেরার পর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করবেন।
অবশেষে বিকেল ৫টায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন তার সামরিক সচিবের মাধ্যমে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র পাঠান। এরপর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়টি জানান। একই সঙ্গে তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন বলেও জানান।