ঢাকা: সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি যুক্ত করে তিনি এই দাবি তুলে ধরেন।
সামাজিক যোগাযোগের মাধ্যমে দেওয়া বার্তায় এনসিপির এই নেতা জানান, অবিলম্বে মো. সাহাবুদ্দিনকে গ্রেফতার করতে হবে। হ্যাশট্যাগ দিয়ে ‘অ্যারেস্ট চুপ্পু’ও লিখেছেন এনসিপির এই নেতা। তার এই বার্তাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারকারীদের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে।

এর আগে শুক্রবার বিকেলে স্পিকারের কাছে পাঠানো পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দেশের ২২তম রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান মো. সাহাবুদ্দিন। পদত্যাগপত্রে তিনি জানান, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতাসহ একাধিক শারীরিক সমস্যায় তিনি ভুগছেন। সেখানে তিনি উল্লেখ করেন, সম্প্রতি তার শরীরে অটোনমিক নিউরোপ্যাথি শনাক্ত হয়েছে, যার কারণে তিনি মাঝেমধ্যে ক্ষণিকের জন্য অচেতন হয়ে পড়েন। এই পরিস্থিতিতে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব নয় বলে তিনি জানান।
পদত্যাগপত্রে তিনি সংবিধানের ৫০ (৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী সরে দাঁড়ানোর কথা উল্লেখ করেন। তার পদত্যাগের পর সাংবিধানিক নিয়ম অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।