Monday 27 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হজের প্রাথমিক নিবন্ধন শুরু আজ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৬ ০৯:৩৮

ঢাকা: ২০২৭ সালের হজে গমনেচ্ছুদের জন্য আজ সোমবার (২৭ জুলাই) থেকে শুরু হচ্ছে প্রাথমিক নিবন্ধন কার্যক্রম, যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এই সময়সূচি নির্ধারণ করেছে।

নির্ধারিত সময়ের মধ্যে হজে যেতে আগ্রহীদের ই-হজ সিস্টেমের মাধ্যমে সরকারি বা বেসরকারি উভয় মাধ্যমেই প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। তবে প্রাথমিক নিবন্ধনের আগে প্রত্যেক হজযাত্রীকে ৩০ হাজার টাকা দিয়ে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে।

এরপর সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন নিশ্চিত করতে হবে। প্রাথমিক নিবন্ধনকারী ব্যক্তিরা আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত হজ প্যাকেজের বাকি অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহীরা ই-হজ সিস্টেমে ইউজার আইডি তৈরি করে নিজেরাই নিবন্ধন করতে পারবেন। এ ছাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, জেলা ও উপজেলা মডেল মসজিদ, বায়তুল মোকাররম কার্যালয় এবং ঢাকা হজ অফিস থেকেও নিবন্ধনের সুযোগ রয়েছে।

বিজ্ঞাপন

সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ভাউচারের মাধ্যমে টাকা জমা দিতে হবে। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের সংশ্লিষ্ট এজেন্সির নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে ফি জমা দিতে হবে, যা হজ পোর্টালে এজেন্সির প্রোফাইলে পাওয়া যাবে। নিবন্ধনের জন্য হজযাত্রীদের পাসপোর্টের মেয়াদ ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে। এছাড়া নিবন্ধনের সময়েই প্রশিক্ষণ ও টিকা গ্রহণের জেলা, হজের ধরন এবং প্যাকেজ নির্বাচন করতে হবে।

তবে নিবন্ধনের ক্ষেত্রে কিছু স্বাস্থ্য ও বয়সজনিত বিধিনিষেধ রয়েছে। ১৫ বছরের কম বয়সি কেউ হজে যেতে পারবেন না। এছাড়া গুরুতর হৃদ্‌রোগ, ফুসফুস, লিভার বা কিডনি রোগ, স্নায়বিক বা মানসিক সমস্যা, ডিমেনশিয়া এবং ক্যানসারের থেরাপির মধ্যে থাকা ব্যক্তিরা হজে যাওয়ার সুযোগ পাবেন না। একই সঙ্গে যক্ষ্মা বা হেমোরেজিক ফিভারের মতো সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তি এবং ঝুঁকিপূর্ণ বা গর্ভাবস্থার শেষ দুই মাসে থাকা নারীরা হজের স্বাস্থ্যগত ছাড়পত্র পাবেন না।

 

সারাবাংলা/এনএল/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর