Monday 27 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

‎স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৬ ১৭:৩০ | আপডেট: ২৭ জুলাই ২০২৬ ১৮:৩০

আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল।

ঢাকা: রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করে প্রতিষ্ঠানটিকে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখা থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে সই করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, সম্প্রতি আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতক শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। ওই ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষের আপিল ও আপিলের অধিকতর বিবরণীর ওপর ভিত্তি করে গত ১৫ জুলাই একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে ৩ কর্মদিবসের মধ্যে সরজমিনে পরিদর্শনপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

তদন্ত কমিটি সরজমিনে পরিদর্শন শেষে যে প্রতিবেদন দাখিল করেছে, তা সন্তোষজনক হওয়ায় স্বাস্থ্য অধিদফতর ও মন্ত্রণালয় হাসপাতালটির লাইসেন্স বাতিলের আগের সিদ্ধান্ত প্রত্যাহার করে কার্যক্রম পুনরায় চালু করার সিদ্ধান্ত নেয়।

হাসপাতালটির স্থগিতাদেশ প্রত্যাহার ও পুনঃপরিচালনার ক্ষেত্রে ৩টি প্রধান শর্ত নির্ধারণ করে দেওয়া হয়েছে-

  • আইন মেনে চলা: The Medical Practice and Private Clinics and Laboratories (Regulation) Ordinance, 1982-এর সকল নির্দেশনা কঠোরভাবে প্রতিপালন অব্যাহত রাখতে হবে।
  • কর্মী নিয়োগ: লাইসেন্সের শর্তানুযায়ী ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে।
  • আইনানুগ ব্যবস্থা: লাইসেন্সের শর্তাবলী প্রতিপালনে ব্যর্থ হলে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ যেকোনো সময় তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করবে।

স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টরা বলছেন, লাইসেন্স পুনর্বহালের মাধ্যমে হাসপাতালটি আবারও নিয়মিত চিকিৎসাসেবা দিতে পারবে। তবে ভবিষ্যতে সেবার মান, রোগী নিরাপত্তা এবং সরকারি নির্দেশনা কঠোরভাবে অনুসরণের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে স্বাস্থ্য অধিদফতরও হাসপাতালের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সারাবাংলা/এসএ/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর