Tuesday 28 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রমে গতি ফিরেছে: তথ্য উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৬ ১৪:৫২ | আপডেট: ২৮ জুলাই ২০২৬ ১৪:৫৪

সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

ঢাকা: সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের চলমান কার্যক্রমে গতি ফিরেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, ‘খাদ্য নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন, জ্বালানি, কৃষি, ক্ষুদ্র উদ্যোক্তা, পরিবহন ও সামাজিক সুরক্ষাসহ বিভিন্ন খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।’

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য তুলে ধরেন।

ব্রিফিংয়ে জানানো হয়, সরকারি খাদ্য গুদামে বর্তমানে ২৩ লাখ ৯৬ হাজার ৭৫৩ মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। একই সঙ্গে ওএমএস কার্যক্রমের মাধ্যমে ভর্তুকি মূল্যে চাল ও আটা বিক্রি অব্যাহত রয়েছে। ক্ষতিকর প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশও দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের সংখ্যা ৫০ শতাংশ কমানোর লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা, জরুরি সেবা উন্নয়ন এবং নতুন সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। অন্যদিকে একটি ভাসমান এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটির কারণে দৈনিক প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমলেও দ্রুত তা স্বাভাবিক করতে এবং দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, শিল্প মন্ত্রণালয়ের এসএমই ফাউন্ডেশন প্রায় ৪৪০ কোটি টাকার স্বল্পসুদে ঋণ বিতরণের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয় ২০২৬-২৭ অর্থবছরে ৬৩ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

এ ছাড়া কৃষক কার্ড কার্যক্রম, বৃক্ষরোপণ, খাল পুনঃখনন, গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ, চট্টগ্রাম ওয়াসার রাজস্ব ও পানি উৎপাদনে নতুন রেকর্ড, মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের ভাতা বৃদ্ধি, বাংলাদেশ রেলওয়ের আয় বৃদ্ধি, মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন কর্মসূচি এবং ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট পুনরায় চালুর অগ্রগতিসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরা হয়।

ডা. জাহেদ উর রহমান বলেন, ‘বিভিন্ন মন্ত্রণালয় সমন্বিতভাবে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিচ্ছে এবং জনগণের সেবার মান আরও বাড়াতে সরকার কাজ করে যাচ্ছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর