ঢাকা: ৭.৬২ মিমি বুলেট নিয়ে বিভিন্ন মহলে যে বিভ্রান্তি ও জল্পনা তৈরি হয়েছে, তা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তিনি বলেন, ‘৭.৬২ মিমি ক্যালিবারের গুলি ব্যবহৃত হলেই সেটিকে স্নাইপার রাইফেলের গুলি হিসেবে দেখানো বা এ নিয়ে ভিন্ন ধরনের বর্ণনা দাঁড় করানো সঠিক নয়।’
মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, ‘বাংলাদেশ পুলিশের দীর্ঘদিন ব্যবহৃত চীনে তৈরি টাইপ-৫৬ রাইফেল ৭.৬২ মিমি ক্যালিবারের গুলি ব্যবহার করে। এটি একসময় সেনাবাহিনীর ব্যবহৃত অস্ত্র ছিল। পরবর্তীতে ধাপে ধাপে অন্যান্য বাহিনীর মাধ্যমে পুলিশের কাছেও আসে। তাই ৭.৬২ মিমি গুলি পাওয়া মানেই সেটি কোনো স্নাইপার অস্ত্র থেকে ছোড়া হয়েছে— এমন ধারণার কোনো ভিত্তি নেই।’
তিনি বলেন, ‘টাইপ-৫৬ একটি মিলিটারি-গ্রেড অস্ত্র, যার কার্যকর পাল্লা তুলনামূলক দীর্ঘ। অতীতে পুলিশের সদস্যদের হাতেও এই অস্ত্র দেখা গেছে এবং এ অস্ত্র ব্যবহারের বহু ছবি ও ভিডিও রয়েছে। ফলে ৭.৬২ মিমি গুলি নিয়ে অযথা রহস্য তৈরির সুযোগ নেই।’
তথ্য উপদেষ্টা আরও বলেন, ‘সাম্প্রতিক সময়ে এমন একটি বর্ণনা তৈরির চেষ্টা হচ্ছে যে, সরকারবিরোধী আন্দোলনের সময় অন্য কোনো পক্ষ স্নাইপার ব্যবহার করে গুলি চালিয়ে পরিস্থিতি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেছিল। এ ধরনের দাবি তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রতিষ্ঠিত নয় এবং বিষয়টি নিয়ে অযথা বিভ্রান্তি সৃষ্টি করা উচিত নয়।’
তিনি বলেন, ‘অনলাইনে সহজেই টাইপ-৫৬ রাইফেলের প্রযুক্তিগত তথ্য পাওয়া যায়। এই অস্ত্রে ৭.৬২ মিমি গুলি ব্যবহৃত হয়— এটি প্রতিষ্ঠিত তথ্য। তাই এ বিষয়ে অমূলক ব্যাখ্যা বা ষড়যন্ত্রমূলক বর্ণনা দাঁড় করানোর পরিবর্তে তথ্যভিত্তিক আলোচনা হওয়া প্রয়োজন।’