Wednesday 29 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মোহাম্মদপুরে বিএনপি নেতা হত্যার জন্য অস্ত্র দেয় লেদু হাসান: র‌্যাব

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৬ ২১:১৪ | আপডেট: ২৯ জুলাই ২০২৬ ২১:১৫

সংবাদ সম্মেলনে র‍্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মূল হাসান

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে নবোদয় হাউজিং ইউনিট বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশাকে হত্যার জন্য অস্ত্র সরবরাহ করে হোসেন জীবন ওরফে লেদু হাসান। এ ঘটনায় তাকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)।

বুধবার (২৯ জুলাই) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মূল হাসান।

তিনি বলেন, ‘গত ১ জুলাই রাজধানীর আদাবর থানাধীন নবোদয় হাউজিং এলাকায় জাপান এবং ব্রাজিলের মধ্যকার বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে সংঘটিত মারামারিতে নবোদয় হাউজিং ইউনিট বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা ছুরিকাঘাতে নিহত হন। ওই হত্যা মামলায় অন্যতম অভিযুক্ত মনোয়ার হোসেন লেদু ওরফে লেদু হাসান। এ মামলায় গ্রেফতারকৃতদের ১৬৪ ধারার জবানবন্দিতে জানা যায় লেদু হাসানই বাদশাকে হত্যার জন্য মূল হত্যাকারী পারভেজকে অস্ত্র সরবরাহ করেছিল।’

বিজ্ঞাপন

নয়মূল হাসান বলেন, ‘মঙ্গলবার (২৮ জুলাই) র‌্যাব-২ জানতে পারে যে, নবোদয় হাউজিং ইউনিট বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা হত্যাকাণ্ডে অভিযুক্ত মনোয়ার হোসেন লেদু রাজধানীর মোহাম্মদপুর থানাধীন মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি এলাকায় অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ বিশেষ অভিযান পরিচালনা করে মনোয়ার হোসেন লেদুকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত লেদুর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও মাদকসহ ৩২টি মামলা রয়েছে।’

তিনি বলেন, ‘লেদু ২০১০ সালে ঘটে যাওয়া আলোচিত ওহিদুজ্জামান হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেফতার হন এবং ২০১২ সাল পর্যন্ত হাজতবাস করেন। এছাড়া ২০২১ সালে ১টি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ তাকে গ্রেফতার করে র‌্যাব-৪। একটি অস্ত্র মামলায় তার ১০ বছরের কারাদণ্ড হয়। প্রতিনিয়ত এলাকাবাসীরা তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, কিশোরগ্যাংদের পৃষ্ঠপোষকতা ইত্যাদি বিষয়ে র‌্যাবের নিকট ফোনে অভিযোগ জানিয়ে থাকে। ভুক্তভোগীরা চাইলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নিতে পারে।’

এদিকে স্থানীয়দের অভিযোগ, মোহাম্মদপুর ও আদাবর এলাকায় চাঁদাবাজি, জমি দখল, মাদক ব্যবসা ও কিশোর গ্যাংয়ের কার্যক্রম নিয়ন্ত্রণে লেদু হাসানের নাম দীর্ঘদিন ধরে আলোচনায় ছিল। ২০২৪ সালের ২ সেপ্টেম্বর চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল বলে জানা যায়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর