বদলে যাওয়া বাংলাদেশের কূটনীতি বুঝতে আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকা আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর।
তিন দিনের এই ঢাকা সফরে চীনের সাথে সম্পর্কের গভীরতা যাচাই করতে পারেন প্রভাবশালী এই মার্কিন নীতিনির্ধারক। পাশাপাশি, ওয়াশিংটনের সাথে সই হওয়া বাণিজ্য চুক্তি বাস্তবায়নে ঢাকার মনোভাবও খতিয়ে দেখবেন সার্জিও গোর।
আজ সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে বৈঠক করবেন তিনি। ঢাকা সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথেও সাক্ষাৎ করবেন সার্জিও। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথেও মতবিনিময় করবেন বিশেষ এই দূত।
বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার, আঞ্চলিক কৌশলগত অবস্থান ও ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা গুরুত্ব পাবে এতে।
সফরের শেষ দিন আগামীকাল শুক্রবার (৩১ জুলাই) তার কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি সরেজমিন দেখার কথা রয়েছে। সার্জিও গোর কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরেও পরিদর্শনে যাবেন।
গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর সার্জিও গর হচ্ছেন ওয়াশিংটন থেকে ঢাকা সফরকারী যুক্তরাষ্ট্রের তৃতীয় জ্যেষ্ঠ কর্মকর্তা। এর আগে মার্চে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং মে মাসে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ বাংলাদেশ সফর করেন।
এ বছরের জানুয়ারিতে সার্জিও গর দিল্লিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে কাজ শুরু করেছেন। নয়াদিল্লিকে কার্যক্রমের কেন্দ্র হিসেবে রেখে তিনি ভারতের পাশাপাশি বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ভুটানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক এগিয়ে নেওয়ার দায়িত্ব পালন করছেন।