ঢাকা: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা ও সরকারি সেবা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছে দিতে একটি জাতীয় জরিপ পরিচালনার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সরকার। এ জরিপের মাধ্যমে দেশের জনসংখ্যা, আর্থসামাজিক অবস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে ভবিষ্যতে লক্ষ্যভিত্তিক পরিকল্পনা ও সেবা প্রদান আরও কার্যকর করা হবে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলন কক্ষে সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী প্রণীত ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা সভায় এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘সরকারের সব ধরনের সেবা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছানো নিশ্চিত করতে হবে। এ জন্য নির্ভুল তথ্যভিত্তিক পরিকল্পনার বিকল্প নেই। জাতীয় জরিপের মাধ্যমে প্রাপ্ত তথ্য ভবিষ্যতে উন্নয়ন কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
তিনি আরও বলেন, ‘বর্তমান সরকারের প্রথম ১৮০ দিনের অর্জন ও জনকল্যাণমূলক কার্যক্রম জনগণের সামনে তথ্যভিত্তিক, সংক্ষিপ্ত ও বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে।’ সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তরগুলোর কার্যক্রম যেন স্পষ্টভাবে জনগণের কাছে প্রতিফলিত হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
সভায় বিভিন্ন দফতর ও সংস্থা ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি, অর্জন, চ্যালেঞ্জ ও করণীয় তুলে ধরে। এ সময় প্রতিমন্ত্রী বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ, কর্মসংস্থান, নারী ক্ষমতায়ন, কৃষি উন্নয়ন, ঋণ বিতরণ, সমবায় সদস্য বৃদ্ধি, প্রশিক্ষণ কার্যক্রম এবং জনসচেতনতামূলক উদ্যোগের সুনির্দিষ্ট তথ্য প্রতিবেদনে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন।
সরকারি কার্যক্রম আরও জনমুখী করতে এনজিও, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের সঙ্গে সমন্বয় জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে দক্ষতা উন্নয়ন, তৃতীয় ভাষা শিক্ষা ও চাহিদাভিত্তিক কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণের আহ্বান জানান। ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদেরও আত্মকর্মসংস্থানমুখী প্রশিক্ষণের আওতায় আনার পরামর্শ দেন প্রতিমন্ত্রী।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরীর সভাপতিত্বে সভায় বিভাগের আওতাধীন বিভিন্ন সংস্থার প্রধান, প্রকল্প পরিচালক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।