Thursday 30 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রান্তিক মানুষের মাঝে ডিজিটাল সেবা পৌঁছানোর আহ্বান টেলিযোগাযোগমন্ত্রীর

‎সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২৬ ২০:২২

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।

ঢাকা: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, ‘নারী, তরুণ, প্রতিবন্ধী ব্যক্তি, ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীসহ সকল প্রান্তিক মানুষ যেন দেশের ডিজিটাল রূপান্তরে সমানভাবে অংশ নিতে পারে এবং এর সুফল ভোগ করতে পারে, তা নিশ্চিত করতে হবে।’

‎‎বৃহস্পতিবার (৩০ জুলাই রাজধানীর বনানীতে শেরাটন ঢাকায় গ্রামীণফোন আয়োজিত ‘Digital Inclusion for Marginalized Communities – Phase II’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎মন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ডিজিটাল সংযোগ সম্প্রসারণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে অর্থবহ ডিজিটাল অন্তর্ভুক্তি, ডিজিটাল সাক্ষরতা এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য।

‎দেশের দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকায় টেলিযোগাযোগ সেবা আরও সম্প্রসারণের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘ডিজিটাল রূপান্তরের যাত্রায় যেন কোনো অঞ্চলই পিছিয়ে না পড়ে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও মানুষের জীবনমান বাড়াতে যোগাযোগের সহজলভ্যতা অপরিহার্য।’

‎টেলিযোগাযোগ সেবা নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের কথা স্মরণ করিয়ে দিয়ে ফকির মাহবুব আনাম মোবাইল অপারেটরদের উদ্দেশ্যে কল ড্রপ কমানো, নেটওয়ার্কের মান উন্নয়ন এবং ভয়েস ও ডাটা প্যাকেজের মূল্য পুনর্বিবেচনায় কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

‎তিনি আরও জোর দিয়ে বলেন, ‘ব্যবসায়িক প্রবৃদ্ধির পাশাপাশি গ্রাহকদের প্রত্যাশা ও স্বার্থের প্রতি সমান গুরুত্ব দিতে হবে। গ্রাহকদের জন্য সাশ্রয়ী, নিরবচ্ছিন্ন ও মানসম্মত সেবা নিশ্চিত করাই প্রতিটি সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত।’

‎বক্তব্য শেষে মন্ত্রী আনুষ্ঠানিকভাবে গ্রামীণফোনের ‘Digital Inclusion for Marginalized Communities – Phase II’ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।

‎অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বেসরকারি খাতের প্রতিনিধি এবং উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
‎ ‎সারাবাংলা/এনএল/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর